× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমতলীতে ধানের বীজে ‘প্রতারণা’, আমন চাষ অনিশ্চিত

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫২ পিএম

ছুরিকাটা এলাকায় শুক্রবার ধানের গোছা হাতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছুরিকাটা এলাকায় শুক্রবার ধানের গোছা হাতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা এলাকায় ব্রি-৯৮ জাতের ধানের বীজ কিনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন দুই শতাধিক কৃষক।

বীজ রোপণের প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও অনেক জমিতে আশানুরূপ ফলন না আসায় বিপাকে পড়েছেন তারা।

আউশ মৌসুমে ক্ষতির পর একই জমিতে আমন চাষ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ছুরিকাটা এলাকায় শুক্রবার ক্ষতিগ্রস্ত কৃষকেরা ধানের গোছা হাতে নিয়ে বীজের মান নিয়ে অভিযোগ করেন।

তাদের দাবি, আমতলী পৌর শহরের বাঁধঘাট এলাকার বীজ ডিলার মো. খালেক হাওলাদারের কাছ থেকে ব্রি-৯৮ জাতের বীজ কিনে তারা ক্ষতির মুখে পড়েছেন। কৃষকেরা ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এপ্রিল মাসে তারা জমি প্রস্তুত করে ব্রি-৯৮ জাতের ধান চাষের জন্য বীজ কিনে বীজতলা তৈরি করেন। পরে চারা জমিতে রোপণ করা হয়।

কৃষকদের দাবি, ব্রি-৯৮ জাতের ধান সাধারণত প্রায় ১১০ দিনে কাটার উপযোগী হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক জমিতে ধানে আশানুরূপ ফলন আসেনি।

কৃষকদের অভিযোগ, বিষয়টি নিয়ে ডিলারের সঙ্গে যোগাযোগ করেও তারা সন্তোষজনক সমাধান পাননি।

তাদের দাবি, ব্রি-৯৮-এর নামে অন্য জাতের ধান বিক্রি করা হয়ে থাকতে পারে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলার।

কৃষকদের আরও দাবি, আউশ ধান কাটার পর একই জমিতে আমন চাষের পরিকল্পনা ছিল। কিন্তু আউশের কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় সময়মতো জমি খালি করা সম্ভব হচ্ছে না। 

এতে আমন মৌসুমের চাষও অনিশ্চিত হয়ে পড়েছে। ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

কৃষক দুলাল হাওলাদার বলেন, “আমি ৮ একর জমিতে ব্রি-৯৮ ধানের চারা রোপণ করেছি। কিন্তু আশানুরূপ ফলন আসেনি। এখন আমন ধান চাষ করার অবস্থাও নেই। ধারদেনা করে চাষাবাদ করেছি। এখন কী করব, বুঝতে পারছি না।”

কৃষক দেলোয়ার গাজী বলেন, “আমরা নিঃস্ব হয়ে গেছি। কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না। আমরা ডিলার খালেক হাওলাদারের শাস্তি দাবি করছি।”

তবে কৃষকদের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বীজ ডিলার মো. খালেক হাওলাদার।

তিনি বলেন, “আয়ান সিডের মোড়কে আমি অন্য কোনো জাতের ধান প্যাকেটজাত করিনি। কোম্পানি যেভাবে দিয়েছে, আমি সেভাবেই কৃষকদের কাছে বিক্রি করেছি।”

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, “অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বীজ প্রত্যয়ন এজেন্সির সঙ্গে কথা বলেছি। তারা সরেজমিনে বিষয়টি দেখতে আসবেন। ডিলার বিধি ভঙ্গ করে বীজ বিক্রি করে থাকলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, “বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা