পুলিশ কর্মকর্তা মাহবুব আলম (মাঝে)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী নগরীর নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাটে এক নারীসহ অবস্থান করছিলেন পুলিশের এক কর্মকর্তা। বাইরে থেকে দীর্ঘ সময় দরজা খোলার চেষ্টা করেও সাড়া না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন ওই কর্মকর্তার স্ত্রী বলে দাবি করা এক নারী।
পুলিশ ঘটনাস্থলে গেলেও দরজা না খোলায় পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ কর্মকর্তা মাহবুব আলম ও এক নারীকে বের করে আনেন। পরে দুজনকেই থানায় নেওয়া হয়।
রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন নাদের হাজির মোড়সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা মাহবুব আলম ২০২৪ সালে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিলেন। সে সময় এক ব্যক্তির কাছ থেকে খামে করে অর্থ নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়।
পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।
তবে প্রশিক্ষণকেন্দ্রের কমান্ড্যান্ট জানিয়েছেন, কোনো ছুটি বা অনুমতি না নিয়েই মাহবুব আলম রাজশাহীতে এসেছিলেন।
সূত্র জানায়, মাহবুব আলমের কথিত পালিত মেয়ের নামে নাদের হাজির মোড়ের ওই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছে। সেখানে তার মেয়ে ও জামাই থাকেন। তবে বৃহস্পতিবার রাত থেকে ওই ফ্ল্যাটে মাহবুব আলম ও সানজিদা মৌ নামে এক নারী অবস্থান করছিলেন।
সানজিদা মৌ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে মাহবুব আলম দাবি করেন, সানজিদা তার স্ত্রী।
এ দাবির পক্ষে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি। তিনি দাবি করেছেন, তাকে কালেমা পড়ে বিয়ে করেছেন।
অন্যদিকে ফ্ল্যাটের বাইরে অবস্থান নেওয়া আন্নি আক্তার নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন। মাহবুবের দাবি, আন্নিকে চার দিন আগে তিনি তালাক দিয়েছেন।
নওগাঁর বাসিন্দা আন্নি আক্তার একজন নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা।
তার অভিযোগ, চলতি বছরের শুরুতে মাহবুব আলম তাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন, মাহবুব যে জেলায় যান, সেখানেই বিয়ে করেন এবং একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
আন্নির আরও অভিযোগ, রাজশাহীতে কর্মরত অবস্থায় পুলিশ সার্জেন্ট সাবিহাকে বিয়ে করেছিলেন মাহবুব। তাদের মধ্যে তালাকের কথা বলে তার কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়া হয়েছে। সার্জেন্ট সাবিহাও মাহবুব আলমের বিরুদ্ধে পুলিশের আইজিপি ও ডিআইজি বরাবর লিখিত অভিযোগ করেছেন।
আন্নি বলেন, রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় মাহবুবের নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে। এর আগেও সেখানে সানজিদা মৌকে মাহবুবের সঙ্গে দুই দিন পেয়েছিলেন তিনি। তখন সামাজিক ও পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে বিষয়টি প্রকাশ করেননি।
আন্নির ভাষ্য, বৃহস্পতিবার রাতে তিনি জানতে পারেন, মাহবুব তার কথিত পালিত মেয়ের ভাড়া নেওয়া ফ্ল্যাটে গেছেন। সেখানে সানজিদা মৌও রয়েছেন। খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার মধ্যে তিনি ওই ফ্ল্যাটে যান। দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।
পরে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আন্নির দাবি, ভেতরে মাহবুব আলম রয়েছেন জানতে পেরে পুলিশ দরজা ভাঙেনি। এরপর তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে দুজনকে বের করে আনেন।
আন্নির দাবি, দুই ঘণ্টারও বেশি সময় মাহবুব ও সানজিদা ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে ছিলেন। পুলিশ ফোন করে দরজা খুলতে বললেও মাহবুব দরজা খোলেননি। দরজা খোলার পর মাহবুব আলম সানজিদাকে তার স্ত্রী বলে পরিচয় দেন। পরে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়।
থানায় নেওয়ার সময় সাংবাদিকদের মাহবুব আলম বলেন, আন্নিকে তিনি তালাক দিয়েছেন। পুলিশের কাছে তালাকের একটি কাগজও জমা দিয়েছেন। তবে সানজিদার সঙ্গে বিয়ের কাবিননামা তিনি দেখাতে পারেননি।
পুলিশ জানিয়েছে, চার দিন আগে আন্নিকে তালাক দেওয়ার একটি কাগজ মাহবুব আলম দিয়েছেন। তবে আন্নির দাবি, তিনি তালাকের কোনো কাগজ হাতে পাননি।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন আন্নি। শুক্রবার দুপুরে অভিযোগ লেখার সময় মাহবুব আলম ও সানজিদা মৌকে থানার পৃথক দুটি কক্ষে রাখা হয়। অভিযোগে মাহবুবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে কঠোর শাস্তির দাবি জানান আন্নি।
তবে মাহবুব আলমের দাবি, তিনি মৌকে কালেমা পড়ে বিয়ে করেছেন এবং আন্নিকে তালাক দিয়েছেন।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ছুটিতে থাকায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, মাহবুব আলম ও সানজিদা মৌয়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা থানায় আসবেন। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ বলেন, তিনি কিছুক্ষণ আগে ঘটনাটি জেনেছেন। মাহবুব আলমের কোনো ছুটি নেই এবং কাউকে জানিয়েও তিনি রাজশাহীতে যাননি। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাও অপরাধ।
তিনি বলেন, মাহবুব আলম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকলেও নওগাঁ জেলা পুলিশে কর্মরত। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা বিভাগীয় ব্যবস্থা নেবে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, মাহবুবুর বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।