রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৩ পিএম
নৌকায় যাতায়াত কুড়িগ্রাম রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গার গতিয়াশাম মাঝেরচর এলাকাবাসীর। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
চারদিকে পানি, বালু আর বিস্তীর্ণ ফসলের মাঠ। বর্ষায় নদীর পানি বাড়লেই বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগব্যবস্থা। শিক্ষা, চিকিৎসা কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে তাদের পাড়ি দিতে হয় প্রায় ৮ কিলোমিটার নদীপথ। এভাবেই জীবনযাপন করছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম মাঝের চর, খিতাবখার চরসহ আশপাশের এলাকার মানুষ।
চরাঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য দুটি বিদ্যালয় থাকলেও মাধ্যমিক
পর্যায়ে পড়তে হলে তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। মাঝের চর থেকে মাধ্যমিক বিদ্যালয়ে যেতে
সময় লাগে প্রায় দুই ঘণ্টা। এর মধ্যে প্রায় ৮ কিলোমিটার নদীপথ নৌকায় পাড়ি দিতে হয়, সময়
লাগে প্রায় এক ঘণ্টা। বর্ষাকালে নদীর পানি ও স্রোত বেড়ে গেলে যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ
হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, চরাঞ্চলটিতে আনুমানিক দেড় থেকে দুই হাজার মানুষের
বসবাস। এর মধ্যে স্কুলপড়ুয়া শিক্ষার্থী রয়েছে প্রায় ৬০০ জন। এসব বাসিন্দাকে দৈনন্দিন
যাতায়াতের জন্য জনপ্রতি প্রায় ৬০ থেকে ৮০ টাকা নৌকা ভাড়া দিতে হয়।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, চরাঞ্চলের শিক্ষার্থীদের কেউ
চরঢুসমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া পাড়া সরকারি বিদ্যালয়, সরকারবাড়ি মাধ্যমিক
স্কুল কিংবা সরিষাবাড়ি আলিম মাদরাসায় পড়াশোনা করছে। তবে যোগাযোগব্যবস্থার দুরবস্থার
কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না।
চর গতিয়াশামের শিক্ষার্থী সুমাইয়া জানায়, প্রতিদিন তাকে যাতায়াতে
নানা ভোগান্তি পোহাতে হয়। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হলেও নৌকা পেতে প্রায়
৯টা বেজে যায়। এরপর নদী পার হয়ে বিদ্যালয়ে পৌঁছাতে প্রায় সাড়ে ১০টা বেজে যায়। এখানে
একটি হাইস্কুল হলে আমাদের অনেক সুবিধা হতো। তবে তার আগে নদী খনন করা দরকার। তাহলে বাড়িঘর
ভাঙনের হাত থেকেও রক্ষা পাবে।
নবম শ্রেণির শিক্ষার্থী আর্জিনা খাতুন বলেন, আমাদের বাড়ি থেকে স্কুলে
আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়। মাঝে মাঝে নৌকা থাকে না, ফলে সেদিন আর স্কুলে আসা হয়
না। চরে পড়াশোনার সুবিধা না থাকায় অল্প বয়সে আমাদের মা-বাবা বিয়ে দিয়ে দেন।
শিক্ষার পাশাপাশি চিকিৎসাসেবাতেও পিছিয়ে রয়েছে চরাঞ্চলের মানুষ।
সেখানে নেই হাসপাতাল কিংবা চিকিৎসক। কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য কয়েক কিলোমিটার নদীপথ
পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে যেতে হয়। জরুরি রোগীকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়াও কঠিন হয়ে
পড়ে। বর্ষাকালে নদীর স্রোত বেশি থাকলে এই সংকট আরও প্রকট হয়।
মাঝের চরের বাসিন্দা আবু তাহের বলেন, প্রতিদিন প্রায় ৮ কিলোমিটার
নদীপথ পাড়ি দিয়ে গঞ্জে যেতে হয়। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহজে পাওয়া যায় না।
তাই একসঙ্গে কয়েক দিনের প্রয়োজনীয় পণ্য কিনে বাড়ি ফিরতে হয়।
চর গতিয়াশামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, চরাঞ্চলের মানুষের
বিভিন্ন সময় সাহায্য-সহযোগিতা প্রয়োজন হয়। সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ
নিয়েছে। এটি বাস্তবায়িত হলে চরাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা, নদীভাঙনসহ বিভিন্ন
সমস্যা অনেকটাই কমবে।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা তাসনিমের
বক্তব্য জানতে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।