৪৮ কোটি টাকায় সংস্কার
রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩১ পিএম
বেহাল জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের বিশ্বনাথ উপজেলার সঙ্গে বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকার সড়কপথে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর আঞ্চলিক সড়ক।
তবে জনগুরুত্বপূর্ণ এই সড়কে সংস্কার কাজের নামে অনিয়ম ও সরকারি টাকা লুটপাট যেন থামছেই না। বিগত সময়ে ২৬ কিলোমিটার সড়কটির আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের জন্য সব রেকর্ড ভেঙে ৪৮ কোটি টাকার বরাদ্দ দেওয়া হলেও, মাত্র ৩ বছরের মাথায় সড়কটি ফের করুণ দশায় পড়ে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি যেন সরকারি টাকা লুটপাটের নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। জনগুরুত্বপূর্ণ ২৯ কিলোমিটার সড়কের মধ্যে ২৬ কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। তা, যে কেউ দেখলে তার গা শিউরে ওঠবে। দেখে বুঝবার উপায় নেই ৩ বছর আগে ৪৮ কোটি টাকা ব্যয়ে এই সড়ক সংস্কার করা হয়েছে। টেকসই সংস্কারের নামে বিপুল টাকা লুটপাটের অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা।
স্থানীয় এলজিইডি সূত্র ও এলাকাবাসির সূত্রে জানা গেছে, সড়কের জগন্নাথপুর উপজেলা সদরের পৌর পয়েন্টের সামন থেকে ঢাকা-সিলেট মহাসড়ককের রশিদপুর পর্যন্ত দূরত্ব ২৯ কিলোমিটার। জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলা অংশের দূরত্ব ২৬ কিলোমিটার। বিশ্বনাথের জিসি পয়েন্ট থেকে রশিদপুর পর্যন্ত ৩ কিলো ৭০০ মিটার সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন। দীর্ঘদিন ধরে সড়কের এলজিইডির আওতাধীন অংশে জগন্নাথপুরের ১৩ কিলোমিটার ও বিশ্বনাথ উপজেলা অংশের ১৩ কিলোমিটার অংশের সড়ক খানাখন্দে ভরা। এতে দুর্ভোগের মানুষের দুর্ভোগের শেষ নেই।
অভিযোগ রয়েছে, জগন্নাথপুর অংশ সংস্কার হলে বিশ্বনাথ অংশ ভাঙাচোরা থাকে আবার বিশ্বনাথ উপজেলা অংশ ভালো থাকলে জগন্নাথপুর অংশ ভেঙে যায়। এসব দুর্ভোগ থেকে রেহাই পেতে ২০১৮ সালে দুই উপজেলাবাসীর দাবী তুলেছিলেন সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সরিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের হস্তান্তরের। এই দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান উদ্যোগ নিলে এলজিইডির তৎকালীন প্রধান প্রকৌশলী তার সঙ্গে দেখা করেন। তিনি এম এ মান্নানকে দুই উপজেলার অংশের কাজ টেকসইয়ের কথা দিয়ে সড়কটি এলজিইডির অধীন রাখার অনুরোধ করেন। যার ফলে অতীতের সংস্কার বরাদ্দের সব রেকর্ডভঙ করে সাবেক মন্ত্রী এম এ মান্নানের সুপারিশে ২০ শতাংশ অতিরিক্ত দরে ২৬ কিলোমিটার অংশের সংস্কারের জন্য ৪৮ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দিয়ে টেন্ডার করা হয়। এর আগে ২০১৭ সালে সড়কের জগন্নাথপুর উপজেলা অংশে ১৩ কিলোমিটারের সংস্কার বরাদ্দ ছিল দুই কোটি ২৬ লাখ টাকা।
২০১৯ সালে ৪৮ কোটি টাকা বরাদ্দের মধ্যে জগন্নাথপুর উপজেলার ১৩ কিলোমিটারের জন্য ২৫ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকায় কাজ পান মাদারীপুরের ঠিকাদার হামীম সালেহ জেভি আর বিশ্বনাথ উপজেলার ১৩ কিলোমিটারের জন্য ২৩ কোটি ২৫ হাজার টাকা পাশ হয়। কাজ পায় ঠিকাদার শাওন এন্টারপ্রাইজ।
টেকসই কাজের প্রতিশ্রুতি দিয়ে ২০১৯ সালে ডিসেম্বর মাসে সড়কের দুই উপজেলা অংশের সংস্কার কাজ শুরু করে এলজিইডি। কাজের শুরুতেই মেশিন দিয়ে সড়কের সব পাথর তুলে নেওয়া হয়। এরপর বালু ও কংক্রিট ইটের খোয়া মিশিয়ে সড়কে ফেলে কার্পেটিং করা হয়। ঠিকাদার ও এলজিইডির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা যোগসাজসে টেকসই সড়ক সংস্কারের নামে চলে লুটপাট। কাজ চলাকালেই অনিয়মের অভিযোগ উঠলে এলজিইডি কতৃপক্ষ আমলে না নিয়ে ঠিকাদারের পক্ষে অবস্থান নেয়। ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তারা সড়ক সংস্কারের নামে লুটপাটে মেতে ওঠে।
ফলে কিছুদিন যেতে না যেতেই সড়কে ভাঙন দেখা দেয়। ২০২৩ সালে সড়কের কাজ শেষ হয়। তিন বছর যেত না যেতেই সড়কের ২৬ কিলোমিটার অংশ বেহাল দশায় পড়ে। এরমধ্যে আরও এক কোটি টাকার জরুরি সংস্কার কাজ করা হয়। জগন্নাথপুর উপজেলা অংশে ৪০ লাখ টাকার আরসিসি ঢালাই ও ইট ফেলার কাজ করা হয়। বিশ্বনাথ উপজেলা অংশে আরও ৪০ লাখ টাকার জরুরি রক্ষণাবেক্ষণ হিসেবে সংস্কার কাজ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। নতুন করে ইট ফেলে আবারও সংস্কার কাজ চলছে।
সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রী জগন্নাথপুর বাজারের আব্দুস সালাম বলেন, ব্যবসায়ী কাজসহ নানা প্রয়োজনে সিলেট শহরে যেতে হয়। ভাঙাচোরা সড়ক দিয়ে একবার গেলে আরেকবার ফিরতে মন চায় না। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যান আর অসুস্থ বৃদ্ধের অবস্থা ভয়ানক নাজুক হয়ে পড়ে।
জগন্নাথপুর বাস মালিক সমিতির সাবেক সভাপতি নিজামুল করিম বলেন, ২০১৮ সালে সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের হস্তান্তরের জোর দাবি জানানো হলেও লুটপাটের জন্য এলজিইডি সড়কটি ধরে রেখেছে। তিন বছর যেতে না যেতেই সড়কটির সাড়ে ৪৮ কোটি টাকা কোনো কাজে আসেনি তা বোঝা যাচ্ছে। তিনি বলেন, চালকরা এ সড়ক দিয়ে বাস নিয়ে চলাচল করতে চান না।
বিশ্বনাথ যানবাহন মালিক শ্রমিক সংগঠনের নেতা নজরুল ইসলাম বলেন, আমরা সম্প্রতি জরুরি সভা করে দ্রুত সড়ক সংস্কার কাজ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি নেবো বলে সংশ্লিষ্টদের জানিয়েছি।
বেহাল জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক এম এ কাদির বলেন, সিলেটের গুরুত্বপূর্ণ দুই উপজেলা জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলাবাসীর প্রধান সড়ক জগন্নাথপুর বিশ্বনাথ রশিদপর সড়ক। টেকসই সড়ক সংস্কারের নামে বিশাল বরাদ্দ এনে লুটপাটের ঘটনায় আমরা নিন্দা জানাই এবং আমার ভয়ানক ক্ষুব্ধ। দ্রুত আঞ্চলিক এ সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরে স্থানান্তরের মাধ্যমে দুই উপজেলার দুর্ভোগ দূর করার দাবি জানাই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন জানান, গুরুত্বপূর্ণ এ সড়কের জগন্নাথপুর অংশ সংস্কার কাজের মাধ্যমে সচল রাখা হয়েছে। তিনি জানান, এলজিইডির জেলা কার্যালয় থেকে প্রাপ্ত ইট ফেলে ছোট ছোট গর্ত ভরাট করা হয়েছে। এর আগে ৪০ লাখ টাকার আরসিসি ঢালাই কাজ করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ বলেন, সড়কের গর্ত ভরাটের জন্য স্থানীয় সংসদ সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে কিছু ইট পাঠানো হয়েছে। সেগুলো দিয়ে আমরা (মোবাইল ম্যান্টেনিজ) জরুরি সংস্কার কাজ করছি। তিনি বলেন, সড়কের ৪ কিলোমিটার অংশের বেহালদশা হওয়ায় ৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, জরুরি রক্ষণাবেক্ষণের টাকা থেকে ইট দিয়ে গর্ত ভরাট করে সড়কটি জগন্নাথপুর উপজেলা অংশ যান চলাচলের উপযোগী করা হয়েছে। তিন বছর পর পর সংস্কার করার কথা থাকলেও বরাদ্দ না থাকায় নতুন কোন সংস্কার কাজ করা যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে ২৫ কোটি টাকা বরাদ্দের কাজ কেন তিন বছর টেকেনি জানতে চাইলে তিনি কাজে কোন অনিয়ম হয়নি বলে দাবি করে বলেন, আমি এ সময় দায়িত্বে ছিলাম না। আমার মনে হয় অতিরিক্ত বৃষ্টিপাত ও ভারী যানবাহনের চাপে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে।