হাফিজুর রহমান, তালতলী (বরগুনা)
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৯ পিএম
বরগুনার তালতলীর টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
প্রাকৃতিক ঢাল হিসেবে উপকূলকে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের আঘাত থেকে রক্ষাকারী বরগুনার তালতলীর টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল এখন নির্বিচারে গাছ কাটার কবলে।
অভিযোগ উঠেছে, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কয়েকটি চক্র প্রকাশ্যেই
মূল্যবান গাছ কেটে নদীপথে পাচার করছে। এমনকি বন উজাড়ের প্রতিবাদ করায় স্থানীয়দের গাছ
কাটার মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। বন বিভাগের এক কর্মকর্তা অবৈধভাবে
গাছ কাটার সত্যতা স্বীকার করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেও, স্থানীয়দের দাবি—দীর্ঘদিন ধরে চলা এই অপতৎপরতায়
কার্যকরভাবে লাগাম টানা যাচ্ছে না।
বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ১৩
হাজার ৬৪৪ একর আয়তনের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা টেংরাগিরি একসময় সুন্দরবনের অংশ ছিল। ১৯২৭
সালের বন আইনের জরিপ অনুযায়ী, ১৯৬০ সালের ১২ জুলাই এটিকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা
হয়। ১৯৬৭ সালে টেংরাগিরি বনাঞ্চল হিসেবে নামকরণ করা হয়। বনে রয়েছে গেওয়া, জাম, ধুন্দল,
কেওড়া, সুন্দরী, বাইন, করমচা, কেওয়া, তাল, কাঁকড়া, বনকাঁঠাল, রেইনট্রি, হেতাল, তাম্বুলকাটা,
গরানসহ বিভিন্ন প্রজাতির গাছ। এছাড়া রয়েছে কাঠবিড়ালি, বানর, ৪০ প্রজাতির সাপ, সজারু,
শূকর, কচ্ছপ, শেয়াল, বনমোরগসহ বেশকিছু বন্যপ্রাণী।
বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, উপকূলীয় জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর এই
নিরাপদ আবাসস্থলে চলছে অবৈধভাবে গাছ কাটার মহোৎসব। ছকিনা বিট কর্মকর্তার
কার্যালয়ের ঠিক সামনেই প্রকাশ্যে গাছ কেটে তা ট্রলারে বেঁধে নির্দ্বিধায় নদীপথে পাচার
করছে একটি চক্র। একই চিত্র নলবুনিয়া বিট কার্যালয় সংলগ্ন এলাকাতেও। পর্যটন
কেন্দ্র ‘শুভ সন্ধ্যা’ সৈকত এলাকাতেও মূল্যবান গাছগুলো কেটে ফেলা হচ্ছে। চক্রটি
রাতের আঁধারে যেমন পাচার করছে, তেমনি অনেক গাছ কেটে বনের ভেতরেই ফেলে রাখছে সুবিধাজনক
সময়ে সরিয়ে নেওয়ার জন্য। চুরির আলামত মুছে ফেলতে উপড়ে ফেলা হচ্ছে গাছের গোড়াসহ শিকড়ও।
গত কয়েক দিনের মধ্যেই প্রায় দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে পাচারকারিরা।
স্থানীয় বাসিন্দা মো. রিফাত ও বাবুল
হাওলাদার জানান, চোখের সামনে বন উজাড় হতে দেখেও তারা কিছু বলতে পারছেন না। গাছ কাটার
বিরুদ্ধে কেউ মুখ খুললেই বন বিভাগের কর্মকর্তারা তাদের উল্টো গাছ কাটার মামলা দিয়ে
ফাঁসানোর ভয় দেখাচ্ছেন।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা
(ধরা)-এর তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান বলেন, টেংরাগিরি বনাঞ্চলটি প্রাকৃতিক ঢাল
হিসেবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র বাতাসের আঘাত থেকে উপকূলের মানুষদের রক্ষা করে।
এভাবে বন উজাড় হতে থাকলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি উপকূলীয়
জনপদ চরম দুর্যোগের ঝুঁকিতে পড়বে।
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন কোনো বক্তব্য দিতে চাননি। তবে তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম গাছ কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সরেজমিনে গিয়ে অবৈধভাবে গাছ কাটার সত্যতা পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মামলা দায়ের করা হয়েছে।’
এবিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) অতীশ সরকার বলেন, বন উজাড়ের বিষয়টি বেশ কয়েকবার বন বিভাগকে সতর্ক করে জানানো
হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।