× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জড়িত ৪ হিসাবরক্ষণ কর্মকর্তা ও ২ অডিটর

মোরেলগঞ্জে ১০ কোটি টাকার জিপিএফ ফান্ডের জালিয়াতি

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট)

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৩ পিএম

মোরেলগঞ্জ শিক্ষা অফিসারের কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোরেলগঞ্জ শিক্ষা অফিসারের কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে সাধারণ ভবিষ্য তহবিলের (জিপিএফ) ফান্ডের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতির এক নজিরবিহীন ঘটনা ফাঁস হয়েছে।

বিভিন্ন সময়ে এই কার্যালয়ে কর্মরত থেকে নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভুয়া বিলের মাধ্যমে এই সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। সরকারি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ৪ জন সাবেক উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ২ জন সাবেক অডিটরসহ ৬ কর্মকর্তা-কর্মচারীকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯, উপধারা-০১ অনুযায়ী এই ৬ জনকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট অফিস আদেশ থেকে পাওয়া তথ্যে জানা যায়, অভিযুক্ত সিন্ডিকেটের মাধ্যমে ৯ কোটি ৭৭ লাখ ১১ হাজার ২০০ টাকা সরকারি তহবিল থেকে জালিয়াতি করা হয়েছে।

জালিয়াতির মূলহোতা ৪ সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা। এরা হলেন- মীর এনামুল হক (সাবেক মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা)। তিনি অনলাইন সিস্টেমে নিজ ইউজার পাসওয়ার্ডব্যবহার করে ৫২ টি জিপিএফ ফান্ডের অগ্রিম বিলের বিপরীতে জালিয়াতি করে একাই হাতিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৪ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা। জালিয়াতি ফাঁসের সময় তিনি রামপাল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সৌমেন সরকার (সাবেক মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা)। তিনি একই কায়দায় ৩ টি জিপিএফ অগ্রিম বিলের মাধ্যমে ১৭ লাখ ৯২ হাজার টাকা জালিয়াতি করেছেন। জালিয়াতি উদ্ঘাটন হওয়ার সময় তিনি খুলনার তেরখাদা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। মদন কুমার দাস (সাবেক মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা)। তিনি ৫ টি জিপিএফ অগ্রিম বিলের বিপরীতে ১২ লাখ ৮৫ টাকা জালিয়াতি করেছেন। বর্তমানে তিনি বাগেরহাটের ডিএফএও অফিসের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার হিসেবে কর্মরত। হাসানুজ্জামান (সাবেক মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা)। তিনি ২ টি জিপিএফ ফান্ডের অগ্রিম বিলের বিপরীতে ৮ লাখ ৮০ হাজার টাকা জালিয়াতি করেছেন। তিনি বর্তমানে খুলনা বিভাগীয় কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। লুটের সহযোগী দুই অডিটর হলেন- শ্যামল কুমার দাস (অডিটর): তিনি ২০২২-২০২৩ থেকে ২০২৫-২০২৬ অর্থ বছর পর্যন্ত দীর্ঘ সময় ধরে ৬৫টি ভুয়া বিল তৈরি করে ৪ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৬০০ টাকা জালিয়াতি করেছেন। জালিয়াতি ফাঁসের সময় তিনি বাগেরহাটের মোংলায় কর্মরত ছিলেন এবং রুবেল মোল্লা (অডিটর)। তিনি ২০২২-২০২৩ অর্থ বছরে ১২টি ভুয়া বিলের মাধ্যমে ২৩ লাখ ২১ হাজার ২০০ টাকা জিপিএফ জালিয়াতি করেন। জালিয়াতির প্রমাণ পাওয়ার সময় তিনি বাগেরহাটে শরণখোলায় কর্মরত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের জিপিএফ হিসাবের সঠিকতা যাচাইয়ের জন্য বিভাগীয় কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, খুলনা কার্যালয় থেকে গঠিত বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদনে এই চক্রের ভয়াবহ টাকা লোপাটের চিত্র উঠে আসে। আদেশে বলা হয়েছে, বরখাস্ত থাকাকালীন তারা প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। তবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা কেউই স্টেশন ত্যাগ করতে পারবেন না এবং তদন্তের প্রয়োজনে যেকোনো সময় উপস্থিত হতে বাধ্য থাকবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ দ্রুত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জের কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিপিএফ থেকে ঋণ নিতে গিয়ে তাদের হিসাবের সঙ্গে গরমিল দেখতে পান। বিষয়টি নজরে এলে মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তন্ময় গোস্বামী জিপিএফ হিসাবের সঠিক চিত্র যাচাইয়ের জন্য খুলনার ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ) কার্যালয়ে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে যাচাই কমিটি গঠন করা হয়। ওই কমিটির তদন্তে মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ অফিসের সাবেক ৪ হিসাবরক্ষণ কর্মকর্তার ও ২ অডিটরের বিরুদ্ধে ৯ কোটি ৭৭ লাখ ১১ হাজার ২০০ টাকা সরকারি তহবিল থেকে জালিয়াতি করার চ্যাঞ্চল্যকর দুর্নীতির চিত্র উঠে আসে।

সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেন, জিপিএফের টাকা নিয়ে এ ধরনের লেনদেনের বিষয়ে তারা আগে কিছুই জানতেন না। ঋণ উত্তোলনের সময় হিসাব যাচাই করতে গিয়ে তারা গরমিল দেখতে পান। কোনো কোনো শিক্ষকের হিসাবে একই দিনে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলনের তথ্যও পাওয়া গেছে বলে তারা জানান। 

এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তন্ময় গোস্মামী বলেন, তিনি মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা  হিসেবে যোগ দেওয়ার পর এ ঘটনা ধরা পরেছে। তিনি বলেন, বিশাল অঙ্কের টাকা তছরুপ হওয়ায় ঘটনায় তিনি হতবাক হয়ে পড়েছেন। এতো বড় জালিয়াতির ঘটনা তিনি উদ্ঘাটন করায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে রয়েছেন। 

এ বিষয়ে জানার জন্য খুলনা ডিডিসিএ তামান্না ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ না করে কেটে দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা