৭ দিনে ১০২৯ ভর্তি, মুত্যু ৭
মাশরুর মুর্শেদ, খুলনা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১ পিএম
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ডেঙ্গুর চাপে বিপর্যস্ত খুলনার চিকিৎসাব্যবস্থা। গত সাত দিনে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯ জন, মারা গেছেন সাতজন।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৫০০ শয্যার বিপরীতে রোগী প্রায় চারগুণ। শিশু বিভাগে ৪৮ শয্যার বিপরীতে ভর্তি ১৮৬ শিশু। বেড না পেয়ে মেঝে-বারান্দায় চলছে চিকিৎসা। এর মধ্যে রক্ত ও প্লাটিলেট সংকট, সাত-আট মাস ধরে অচল প্লাজমা অ্যাফেরেসিস মেশিন এবং মশক নিধনের নতুন ওষুধ পরীক্ষায় ব্যর্থতার তথ্য পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
বৃহস্পতিবারের (১৭ সেপ্টেম্বর) তথ্য অনুযায়ী, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালে ৭১ এবং বেসরকারিতে ২৪ জন। ১ জানুয়ারি থেকে আক্রান্তের সংখ্যা ৩ হাজার। গত ২৪ ঘণ্টায় দুজনসহ জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩৮০ জন; সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪৮৯ জন এবং ১২৭ জনকে রেফার করা হয়েছে।
খুমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৮ ডেঙ্গু রোগী। বছরের শুরু থেকে এ পর্যন্ত সেখানে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৮৬৮ জন। হাসপাতালটির হিসাবে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০ জনের। বর্তমানে চিকিৎসাধীন ১৯১ জন।
বেডের বদলে মেঝে: খুমেক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৯৭৭। এর মধ্যে ডেঙ্গু রোগী ২৬৮ জন। মেডিসিন ওয়ার্ডে বেড তো নেই-ই, মেঝেতেও হাঁটার জায়গা নেই। রোগী ও স্বজনের ভিড়ে চলাচলের পথ সংকুচিত। একই জায়গায় দুই-তিনজনকে থাকতে হচ্ছে।
রোগীর স্বজন তানজিনা খাতুন বলেন, বেড পাইনি। ভেতরে ছিলাম, অনেক ভিড় থাকার কারণে আবার বাইরে বের করে দিয়েছে। আরেক স্বজন আশরাফুজ্জামান জানান, দুই দিন ধরে হাসপাতালে থাকলেও কোনো জায়গা পাননি। স্ট্রোকে আক্রান্ত রোগীকে শ্বাসকষ্টের মধ্যে দুই-তিনজনের সঙ্গে একই জায়গায় রাখতে হচ্ছে।
ডেঙ্গু রোগীর স্বজনদের অভিযোগ, বেডের পাশাপাশি চিকিৎসক পাওয়াও কঠিন। একজন বলেন, তার দুই ডেঙ্গু রোগী দুই ফ্লোরে ভর্তি। আরেকজনের ক্ষোভ, ডাক্তারই পাই না, বেড কোন জায়গায় পাই?
শিশু বিভাগে সংকট আরও তীব্র। তথ্য অনুযায়ী, ৪৮ শয্যার বিপরীতে ভর্তি ছিল ১৮৬ শিশু। নতুন ভর্তি হয় ৪০ জন। ফলে মেঝে ও বারান্দায় অতিরিক্ত বিছানা পেতে চিকিৎসা দিতে হচ্ছে। ডেঙ্গু, হাম ও মৌসুমি রোগে খুলনা ও আশপাশের জেলা থেকে শিশু রোগী বাড়ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
শুধু খুমেক নয়, খুলনার সরকারি-বেসরকারি অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও রোগীর চাপ বেড়েছে। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, এই মুহূর্তে ডেঙ্গু রোগীর চাপ বেশি। প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। অনেক রোগী সিট পাচ্ছেন না।
রক্ত ও প্লাটিলেট সংকট
ডেঙ্গুর সঙ্গে যুক্ত হয়েছে রক্ত ও প্লাটিলেট সংকট। রোগীর স্বজনদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে। এক রক্তদাতা জানান, পাশের রোগীর স্বজনদের রক্তের জন্য দৌড়াদৌড়ি দেখে শেষ পর্যন্ত নিজেই রক্ত দিয়েছেন। এক স্বেচ্ছাসেবকের ভাষ্য, স্বজনরা কান্নাকাটি করছেন, এমনকি কোথাও অপারেশন বন্ধ রয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন খুমেকের ব্লাড ব্যাংকের প্লাজমা অ্যাফেরেসিস মেশিন নিয়ে। সাত-আট মাস ধরে কিটের অভাবে মেশিনটি বন্ধ। ব্লাড ট্রান্সফিউশন বিভাগের টেকনোলজিস্ট মো. রোকনুজ্জামান বলেন, কিট সাপ্লাই না থাকার কারণে আমাদের মেশিন আপাতত অফ আছে। কিট সাপ্লাই দিলে করতে পারব।
অ্যাফেরেসিসে একজন ডোনারের কাছ থেকে প্রয়োজনীয় প্লাটিলেট নেওয়া যায়। মেশিন বন্ধ থাকায় এমনকি চারজন ডোনারের কাছ থেকে প্লাটিলেট সংগ্রহ করতে হচ্ছে। হাসপাতালের পরিচালক ডা. কাজী আনোয়ারুল ইসলাম বলেন, প্লাটিলেট কমে গেলে রক্তক্ষরণের ঝুঁকি থাকে। সাধারণত কয়েকজন, এমনকি চারজন ডোনারের কাছ থেকে সংগ্রহ করে প্লাটিলেট দেওয়া হয়।
সরকারি ব্যবস্থায় অ্যাফেরেসিসে খরচ প্রায় আড়াই হাজার টাকা; বেসরকারিতে প্রায় ১৮ হাজার। ফলে সরকারি মেশিন বন্ধ থাকার আর্থিক চাপও পড়ছে রোগীর ওপর।
পরীক্ষা নিয়ে দালালচক্র
ডেঙ্গু পরীক্ষায় দীর্ঘ অপেক্ষার সুযোগ নিয়ে হাসপাতালকেন্দ্রিক দালালরা রোগীদের বেসরকারি প্যাথলজিতে পাঠাচ্ছে- এমন অভিযোগ করেছেন কয়েকজন স্বজন।
যশোরের শার্শা থেকে আসা রোগীর স্বজন আসাদুল্লাহ বলেন, হাসপাতালে সিবিসি পরীক্ষা করাতে গিয়ে তিন ঘণ্টা দাঁড়িয়েও সিরিয়াল পাইনি। প্লাটিলেট আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বাধ্য হয়ে দালালদের কথায় বাইরের এক প্যাথলজিতে যাই। সেখানে একই রক্ত পরীক্ষার জন্য ৮০০ টাকা নিয়েছে, অথচ সরকারি হাসপাতালে খরচ হওয়ার কথা মাত্র ৫০ থেকে ১০০ টাকা।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিছু চিকিৎসক, ক্লিনিক ও প্যাথলজির মধ্যে কমিশনভিত্তিক যোগাযোগ এবং সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
মশক নিধনের ওষুধেও প্রশ্ন
ডেঙ্গু নিয়ন্ত্রণে কেসিসি ১১ থেকে ১২টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে। রয়েছে প্রায় ৫৭টি ফগার মেশিন। গত ১ সেপ্টেম্বর থেকে ১৫৫ শ্রমিক লার্ভা নিধনে কাজ করছেন। ৩১টি ওয়ার্ডে ফগিংয়ের পাশাপাশি ওয়াসার ম্যানহোলে লাইট ডিজেল অয়েল বা কালো তেল ছিটানো হচ্ছে।
কেসিসি তিন হাজার লিটার অ্যাডাল্টিসাইড ও দুই হাজার লিটার লার্ভিসাইড কেনে। কিন্তু নতুন লার্ভিসাইডের পরীক্ষায় ৪৮ ঘণ্টা পরও ১৫ শতাংশ লার্ভা মারা যায়নি।
১২ সেপ্টেম্বর কীটতত্ত্ববিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সামনে পরীক্ষা করা হয়। নমুনা তিনটি পরীক্ষাগারেও পাঠানো হয়েছে। ১৪ সেপ্টেম্বর পরীক্ষার ফল দেখে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওই চালান ফেরত পাঠানোর নির্দেশ দেন। তিনি কীটতত্ত্ববিদদের সহযোগিতায় দ্রুত কার্যকর ওষুধ কেনার নির্দেশ দিয়েছেন।
নাগরিক সমাজের সদস্য সচিব এড বাবুল হাওলাদার বলেন, ডেঙ্গুর প্রকোপের সময় হাসপাতালে শয্যা, রক্ত ও প্লাটিলেটের সংকট এবং জীবনরক্ষাকারী অ্যাফেরেসিস মেশিন মাসের পর মাস অচল থাকা কোনোভাবেই স্বাভাবিক ব্যবস্থাপনা নয়। এটি শুধু রোগীর ভোগান্তি নয়, সরাসরি জনস্বাস্থ্যঝুঁকি। একজন ডোনারের কাছ থেকে প্লাটিলেট সংগ্রহের সক্ষমতা থাকা সত্ত্বেও কিটের অভাবে মেশিন বন্ধ রাখা হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতেই হবে। একইভাবে মশক নিধনের ওষুধ কার্যকর কি না, তা নিশ্চিত না করে মাঠে প্রয়োগের প্রশ্নও ওঠে। ডেঙ্গু নিয়ন্ত্রণে লোকদেখানো অভিযান নয়, হাসপাতাল ব্যবস্থাপনা, রোগ নির্ণয়, রক্ত সরবরাহ এবং মশক নিধন- প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।