গলাকাটা মসজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলার ইতিহাসে অনেক জনপদের নাম পাওয়া যায়, সেগুলো একসময় ছিল সমৃদ্ধ, সংস্কৃতি আর স্থাপত্যের অনন্য নিদর্শন। তেমনই এক বিস্মৃত জনপদ মোহাম্মদাবাদ, যাকে এক সময় বলা হতো মসজিদের শহর।
বর্তমানে সেই শহরের অধিকাংশ নিদর্শন হারিয়ে যেতে বসেছে অবহেলা আর অযত্নে। তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত সুলতানি আমলের প্রাচীন শহর মোহাম্মদাবাদের অবস্থান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে।
এখানে রয়েছে ১৫টির বেশি প্রত্নতাত্তিক নিদর্শন, যার মধ্যে অধিকাংশই ছিল মসজিদ। বর্তমানে বারোবাজার নামে পরিচিত এই এলাকা আগে ছাপাইনগর হিসেবে প্রসিদ্ধ ছিল।
ইতিহাস থেকে জানা যায়, সমাজ সংস্কারক খান জাহান আলী ১২ জন সহচর নিয়ে ছাপাইনগর এসেছিলেন। তখন থেকে এই এলাকার নামকরণ হয় বারোবাজার। একসময় যুদ্ধ বা মহামারিতে ছাপাইনগর ধ্বংস হয়ে যায়। পরে ১৯৯৩ সালের প্রত্নতাত্তিক খননের ফলে বের হয়ে আসে একের পর এক ঐতিহাসিক নিদর্শন।
এর মধ্যে সাতগাছিয়া মসজিদ, ঘোপের ঢিপি কবরস্থান, নামাজগাহ কবরস্থান, গলাকাটা মসজিদ, জোড়বাংলা মসজিদ, মনোহর মসজিদ, জাহাজঘাটা, দমদম প্রত্নস্থান, গোড়ার মসজিদ, পীর পুকুর মসজিদ, শুকুর মল্লিক মসজিদ, নুনগোলা মসজিদ, খড়ের দিঘি কবরস্থান, পাঠাগার মসজিদ ও বাদেডিহি কবরস্থান অন্যতম। সব স্থাপনাই অনেকটা পাশাপাশি অবস্থিত।
জোড়বাংলা মসজিদ খননের সময় একটি শিলালিপি পাওয়া যায়। তাতে লেখা ছিল ‘শাহ সুলতান মাহমুদ ইবনে পুসাইন ৮০০ হিজরি’। এ থেকে ধারণা করা যায়, স্থাপনাগুলো অন্তত ৬৫০ বছরের আগের।
ইতিহাসের পালাবদলে এ এলাকা জৌলুশ হারালেও এসব ধ্বংসাবশেষ দেখে খুব সহজেই অনুমান করা যায়, কতটা উন্নত ও সমৃদ্ধ ছিল প্রাচীন মোহাম্মদাবাদ শহর। ইতিহাসের সাক্ষী হয়ে এই এলাকায় এখনও দাঁড়িয়ে রয়েছে একাধিক পুকুর। গ্রামীণ প্রকৃতির পাশাপাশি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
গোড়ার মসজিদ
মোহাম্মদাবাদের স্থাপনার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অবস্থায় রয়েছে গোড়ার মসজিদ। এ মসজিদের বাইরের চারিদিকে রয়েছে টেরাকোটার অপূর্ব কাজ। মসজিদটি চার গম্বুজ বিশিষ্ট।
গলাকাটা মসজিদ
গলাকাটা মসজিদের পূর্ব দিকে অন্তত ৫ বিঘা আয়তনের একটি প্রাচীন জলাশয় রয়েছে। পাশে আছে আরেকটি মসজিদ। জনশ্রুতি আছে, সে সময়ের এক অত্যাচারী রাজা, প্রজাদের বলি দিয়ে এই মসজিদের দিঘির মধ্যে মরদেহ ফেলে দিত। সে অনুযায়ী এ মসজিদের নাম হয়েছে গলাকাটা মসজিদ। গলাকাটা মসজিদটি সুলতানি আমলের আরেক অনিন্দ্যসুন্দর স্থাপত্যশিল্প। অন্তত ২১ ফুট লম্বা ও ১৮ ফুট চওড়া এই মসজিদ মাটির নিচ থেকে খনন করে তোলা হয় ১৯৯৪ সালে।
জোড়বাংলা মসজিদ
গলাকাটা মসজিদ থেকে পশ্চিম পাশে এক গম্বুজবিশিষ্ট জোড় বাংলা মসজিদের অবস্থান। মসজিদটি খনন করা হয় ১৯৯৩ সালে। তখন এখানে একটি ইট পাওয়া যায়, তাতে আরবি অক্ষরে লেখা ছিল শাহ সুলতান মাহমুদ ইবনে হুসাইন, ৮০০ হিজরি। ধারণা করা হয়, ৮০০ হিজরির দিকে সুলতান মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ১৯৯২-৯৩ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ খনন করে এটি উন্মোচন করে। ছোট ছোট পাতলা ইটে গাঁথা এই মসজিদ ১১ ফুট উচু একটি প্ল্যাটফর্মের ওপর স্থাপিত।
সাতগাছিয়া আদিনা মসজিদ
মোহাম্মদাবাদের মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বড় সাতগাছিয়া আদিনা মসজিদ। বারোবাজার এলাকার একেবারে শেষ মাথায় পাকা সড়ক ছেড়ে হাতের ডানে গ্রামের পথের পাশে অবস্থিত। বর্তমানে এটির শুধু দেয়াল আর নিচের অংশ অবশিষ্ট আছে। স্থানীয়রা ওপরে টিনের চালা দিয়েছে।
জানা যায়, ওই গ্রামের লোকজনই মাটির নিচ থেকে এই মসজিদ উদ্ধার করে। ৭৭ ফুট লম্বা ও ৫৫ ফুট চওড়া মসজিদের পশ্চিম দেয়ালে লতাপাতার নকশা সমৃদ্ধ তিনটি মিহরাব রয়েছে। সুলতানি আমলে নির্মিত এ মসজিদের পাশেই একটি বিরাট দিঘি রয়েছে। নাম পিঠেগড়া দিঘি।
মনোহর দিঘি মসজিদ
১৯৯২ ও ১৯৯৩ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বারোবাজার প্রত্নতত্ত্বস্থলে খনন কাজ শুরু করে। সে সময় মনোহর ঢিবি নামক স্থান থেকে মনোহর মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এ মসজিদটি যেখানে আবিষ্কৃত হয়, এর পাশে একটি জলাশয় থাকায় একে মনোহর দিঘি মসজিদ নামে ডাকা হয়। খননের পর থেকে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন।
পীর পুকুর মসজিদ
এই মসজিদও ছিল মাটির নিচে। এই মসজিদে কোনো ছাদ নেই, শুধু দেয়াল আছে। মসজিদটি লাল ইটের তৈরি। পীর পুকুর প্রত্নস্থলের পশ্চিমে মসজিদটির অবস্থান। ১৯৯৪ সালে খননের ফলে এ স্থানে ১৫ গম্বুজবিশিষ্ট এ মসজিদের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়।
পাঠাগার মসজিদ
স্থানীয় মিঠাপুকুর মৌজায় পাঠাগার মসজিদ একটি ছোট ও অনুচ্চ মসজিদ। ১৯৯৫ সালে খননের ফলে এ বর্গাকার মসজিদের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। মসজিদের দেয়াল ১.৩৮ মিটার পুরু। খননের সময় মসজিদটির ওপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।
নুনগোলা মসজিদ
বারোবাজার এলাকার হাসিলবাগে অবস্থিত নুনগোলা মসজিদটিও বর্গাকৃতির একটি মসজিদ। মসজিদটিতে তিনটি অর্ধবৃত্তাকৃতির মিহরাব রয়েছে। মিহরাবে ছোট ছোট বর্গাকৃতির মধ্যে নানা ধরণের জ্যামিতিক নকশা আছে। মসজিদে দিগন্ত রেখাকৃতির ছাঁচে গড়া নকশা আছে। মসজিদের ওপরে একটি গম্বুজ রয়েছে।
শুকুর মল্লিক মসজিদ
শুকুর মল্লিক মসজিদ হাসিলবাগ মৌজায় অবস্থিত। এটি বারোবাজার থেকে ৩০০ মিটার দক্ষিণে। পার্শ্ববর্তী কৃষিজমি থেকে এর উচ্চতা অন্তত ৩ মিটার। ১৯৯৬ সালে খননের পর এ বর্গাকার মসজিদের ধ্বংসাবশেষ বের করা হয়। এর দেয়াল ১.২২ মিটার পুরু। গম্বুজ বিলুপ্ত ও দেয়াল নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বিদ্যমান ছিল।