চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ২১:৫৪ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ২২:৩৬ পিএম
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ওয়েভ ফাউন্ডেশনের চাকরিচ্যুতকর্মীরা। প্রবা ফটো
চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সাহায্য সংস্থার
(এনজিও) ৫১৪ কর্মীকে বেআইনিভাবে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে
এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ অভিযোগ তোলেন চাকরিচ্যুত কর্মীরা।
মানববন্ধনে চাকরিচ্যুত কর্মী শফিউল ইসলাম রাজু বলেন, ‘ওয়েভ ফাউন্ডেশনের
নির্বাহী পরিচালক মহসিন আলী সংস্থার চাকুরীবিধি লঙ্ঘন করে ৬৮ বছর বয়সেও সম্পূর্ণ অনৈতিকভাবে
নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি নিজের মেয়েকে সব সীমা লঙ্ঘন
করে আট ধাপ ডিঙিয়ে সংস্থার উপনির্বাহী পরিচালক-১ হিসাবে নিয়োগ দিয়েছেন। এসব করতে তিনি
গত তিন বছরে ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ, মেধাবী ও বিশ্বস্ত ৫১৪ জন কর্মকর্তা
ও কর্মচারীকে সম্পূর্ণ অন্যায় ও অনৈতিক এবং অমানবিকভাবে যৌক্তিক কারণ ছাড়াই চাকুরিচ্যুত
করেছেন।’
মানববন্ধনে চাকুরিচ্যুতদের পক্ষে আরও বক্তব্য দেন রকিবুল ইসলাম, শরিফা খাতুন, শিখা রানী, শেফালী খাতুন, সুলতানা খাতুন, জাহাঙ্গীর আলম, তহুরা খাতুন, আনোয়ার হোসেনসহ অনেকে।