প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৭ পিএম
প্রতীকী ছবি
ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা করায় মামলার বাদী বিউটি খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে ঝিনাইদহ শহরতলির চর মুরারিদহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিউটি খাতুন শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে।
পুলিশ জানায়, চর মুরারিদহ গ্রামের একটি জমি নিয়ে স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের সঙ্গে বিউটি খাতুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে বিউটি খাতুন মিরাজ জামানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার পায় পিটিআই। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে প্রমাণিত হয় যে, কেবল জমিজমার বিরোধের জেরে মিরাজ জামানকে ফাঁসাতে মামলাটি করা হয়েছিল।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত মামলাটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ঘোষণা করে খারিজ করে দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়ের করার দায়ে বিউটি খাতুনের বিরুদ্ধে আইনের ১৭ (১) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউদজ্জামান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই নারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।