× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে ৩ দিনে দুই বিদ্যালয়ে অসুস্থ ৩৭ ছাত্রী

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৬ পিএম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে অসুস্থ শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে অসুস্থ শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জেলার আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের ঘটনা ঘটেছে। 

মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির আরও পাঁচ ছাত্রী বৃহস্পতিবার অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ক্লাস চলাকালীন হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করে নবম শ্রেণির পাঁচ ছাত্রী। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে মঙ্গলবার ও বুধবার পাঁচবিবি উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩২ ছাত্রী একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী লিমিয়া আক্তার বলেন, “প্রথমে মাথা ঘুরছিল। পরে বুক ও ঘাড়ে ব্যথা শুরু হয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে সবাই মিলে আমাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে অক্সিজেন দেওয়া হয়”।


এক ছাত্রীর মা রহিমা খাতুন বলেন, “মেয়ের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছিল। পরে স্কুল থেকে খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। কেন এমন হলো, কিছুই বুঝতে পারছি না”।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, “গত কয়েক দিন ধরে কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে পেট ও মাথাব্যথা, মাথা ঘোরা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যাচ্ছে। কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ের ২৫ জন ছাত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। বৃহস্পতিবার মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের আরও পাঁচ ছাত্রী একই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। সব মিলিয়ে ৩০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে”।

তিনি আরও বলেন, “চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের ঘটনাকে ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বা দলগত মনস্তাত্ত্বিক অসুস্থতা বলা হয়। শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত তাদের শারীরিক কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে অন্য কোনো কারণে এমনটি হচ্ছে কি না, নাকি এর পেছনে মনস্তাত্ত্বিক কারণ রয়েছে- তা খতিয়ে দেখতে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে”।

অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে সবাই সুস্থ রয়েছে। তাদের অধিকাংশকেই চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা