প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের পর কোস্ট গার্ডের তত্ত্বাবধানে অসুস্থ শিশুটিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পাঠানো হয়। ফাইল ছবি
মাঝ নদীতে অসুস্থ হয়ে পরা এক শিশুকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে লঞ্চে গিয়ে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান।
তিনি বলেন, “বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এক ব্যক্তি তার অসুস্থ নাতিকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ‘এমভি কর্ণফুলি-৪’ লঞ্চে করে ভোলা থেকে ঢাকা যাচ্ছিলেন। লঞ্চটি দুপুর ২টায় মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এসময় লঞ্চের মাস্টার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ‘১৬১১১’ এ কল করে সহায়তা চান”।
তিনি আরও বলেন, “খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম দ্রুত ওই লঞ্চে যায় এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোটে করে সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সিএনজিচালিত অটোরিকশায় করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পাঠানো হয়”।