× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে সাপের উপদ্রব, ৯ মাসে চিকিৎসা নিয়েছেন ১,৪০০ জন

রাজশাহী অফিস

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৪ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীতে সাপের কামড়ে রোগীর সংখ্যা বাড়ছে। গত নয় মাসে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সাপের কামড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ১ হাজার ৪০০ রোগী। 

রোগীর চাপ সামাল দিতে সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে পৃথক ওয়ার্ড চালু করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে রাজশাহীর নদী ও চরাঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে। বিশেষ করে পদ্মা নদীর তীরবর্তী বাঘা, চারঘাট, পবা ও গোদাগাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকায় সাপের আতঙ্ক দেখা দিয়েছে। বছরের এ সময়ে চরাঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যাও বাড়ে।

সংশ্লিষ্টদের মতে, কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে ভারত থেকে আসা উজানের ঢলের সঙ্গে বিভিন্ন জলজ প্রাণীর পাশাপাশি বিষধর রাসেল ভাইপারও এ অঞ্চলে প্রবেশ করছে। পরে এসব সাপ পদ্মার চর ও নদীর তীরে আশ্রয় নেয়। গত কয়েক বছরে এ অঞ্চলে রাসেল ভাইপারের প্রজনন বেড়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি রয়েছে কমন ক্রেইট ও কোবরার মতো বিষধর সাপ।

রাসেল ভাইপার সরাসরি বাচ্চা প্রসব করে এবং একটি সাপ ২০ থেকে ৮০টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। পদ্মার চরে ইঁদুর ও ছোট পাখির বিচরণ থাকায় এসব এলাকা সাপের জন্য নিরাপদ আবাসস্থল হয়ে উঠেছে।

গত ১৩ সেপ্টেম্বর সকালে বাঘা উপজেলায় নিজ বাড়িতে রান্না করার সময় বিষধর সাপের কামড়ে অসুস্থ হন মোছা. বিথি। পরে পরিবারের সদস্যরা তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্প্রতি জমিতে কৃষিকাজ করার সময় সাপের কামড়ের শিকার এক কৃষক সাপটি ধরে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নিয়ে আসেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ও ইএমও ইনচার্জ ডা. শেখ শামীম আহমেদ বলেন, “এই মৌসুমে হাসপাতালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট মৃত্য হয়েছে ১১ জন সাপে কাটা রোগীর। মোট এক হাজার ৪০০ এর মতো রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যে রাসেলস ভাইপার নিয়ে আমরা এত ভীত, সেই রাসেলস ভাইপারের থেকে বরং কমন ক্রেইট অথবা কোবরার কামড়ে বেশি আক্রান্ত হচ্ছে। একই সাথে এগুলোতেই কিন্তু মৃত্যুর হার বেশি।”

সাপের কামড় থেকে বাঁচতে নদীতীরবর্তী এলাকায় কৃষিকাজ ও অন্যান্য শ্রমে নিয়োজিতদের হাই বুট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

পাশাপাশি স্থাপনা কিছুটা উঁচু করে নির্মাণ এবং পোল্ট্রি ফার্ম ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পরামর্শও দেন তিনি।

তিনি বলেন, “সাপে কাটলে দ্রুত সময়ের মধ্যে রোগীর জন্য নির্ধারিত অ্যান্টিভেনম নিশ্চিত করতে হবে। এজন্য নিয়ে যেতে হবে হাসপাতালে। আর পেশেন্ট যদি কামড়ের শিকার হয়েই যায়, সেক্ষেত্রে আমরা বলতেছি ওই বাঁধাবাঁধির বা ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব মেডিক্যালে চলে আসা দরাকার।”

“সাপের কামড়ে মৃত্যুর প্রধান কারণ সময়মতো রোগীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা নিশ্চিত করতে না পারা”, বলেন তিনি।

রাজশাহীতে অ্যান্টিভেনম বেশি দরকার উল্লেখ করে ডা. শেখ শামীম আহমেদ বলেন, “আমাদের পর্যাপ্ত পরিমাণের অ্যান্টিভেনম আমরা সংরক্ষণ করেছি। আমরা রংপুর থেকে নিয়েছি, আমরা বগুড়া থেকে নিয়েছি- যাদের উদ্বৃত্ত ছিল।”

নির্ধারিত ওয়ার্ডগুলোতে কমপক্ষে ১০ জন মানুষকে ফ্রি অ্যান্টিভেনম দেওয়া যায়, সেই অনুপাতে অ্যান্টিভেনম সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা