তেঁতুলতলা থেকে শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি মো. আবু সাঈদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের নেছারাবাদে সরকারি খাল অবৈধ দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবু সাঈদ।
একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
স্বরূপকাঠি পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা থেকে শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।
ডিসি বলেন, পৌরসভার সরকারি খাল দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, তাদের দখল উচ্ছেদ করা হবে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পিরোজপুরে ডেঙ্গুর বিস্তার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সরকারি খাল দখল এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে মশার প্রজননও বাড়ছে।
একসময় পৌরসভার যেসব খালে স্বাভাবিক পানিপ্রবাহ ছিল, মানুষ সাঁতার কাটত এবং নৌকা-ট্রলার চলাচল করত; সময়ের ব্যবধানে দখল ও ময়লা-আবর্জনায় সেসব খাল সংকুচিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, তেঁতুলতলা খালটিও ধীরে ধীরে দখলের কবলে পড়ছে। তাই ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পাশাপাশি শীতলা খালের পাড় দখল করে নির্মিত অবৈধ স্থাপনাও দ্রুত উচ্ছেদ করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী ও পুলিশ কর্মকর্তারা বক্তব্য দেন।