× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সখীপুরে সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৫ পিএম

সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা শাহীন মিয়া, ইনসেটে শিশু আশরাফুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা শাহীন মিয়া, ইনসেটে শিশু আশরাফুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে সাড়ে ৩ বছরের শিশু আশরাফুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে।

এ সময় তিনি সিদরাতুল (৮) নামে আরেক শিশুকেও কুপিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

আহত সিদরাতুল আকলিমা বেগমের আগের স্বামীর ঘরের মেয়ে। তাকে গুরুতর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ আকলিমা বেগমকে হেফাজতে নেয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহীন মিয়া প্রায় ৩০ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে সন্তান না থাকায় পরবর্তীতে প্রথম স্ত্রীর সহযোগিতায় সিদরাতুলকে নিয়ে আকলিমাকে বিয়ে করেন তিনি। পরে আকলিমার ঘরে জন্ম নেয় আশরাফুল।

আকলিমা বেশির ভাগ সময় ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করায় বাড়িতে থাকতেন না। ফলে শাহীন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা, যাকে আশরাফুল ‘বড়মা’ বলে ডাকত, শিশুটিকে লালন-পালন করতেন।

স্থানীয়দের ভাষ্য, আশরাফুল নিজের মাকেও ‘আন্টি’ বলে ডাকত। এ কারণে আকলিমার মনে ক্ষোভ বা অভিমান তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না। ফলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

শাহীন মিয়া বলেন, “প্রায় ৩০ বছর পর আল্লাহ আমাকে একটি পুত্রসন্তান দান করেছিলেন। সেই সন্তানকে আমার দ্বিতীয় স্ত্রী এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। শুধু আমার সন্তানই নয়, আকলিমার আগের স্বামীর ঘরের মেয়ে সিদরাতুলকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। লাশ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিরাপত্তা ও চিকিৎসার স্বার্থে শিশুটির মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্যান্য আইনি কার্যক্রম চলমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা