কাউকে না জানিয়েই রাতের আঁধারে নতুন একটি কবর দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের আল আমিন বাজার মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে রাতের আঁধারে নতুন একটি কবর দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কবরস্থানে গিয়ে তারা একটি নতুন কবর দেখতে পান। কবরটি আগে থেকে থাকা একটি পাকা কবরের পাশে এমনভাবে দেওয়া হয়েছে, যা দূর থেকে সহজে নজরে পড়ে না। এ বিষয়ে আগে কাউকে জানানো হয়নি বলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও মসজিদের ইমামের ভাষ্য, এলাকায় নতুন কোনো কবর দেওয়া হলে সাধারণত বিষয়টি সবাই জানতে পারেন। কিন্তু এ কবরের বিষয়ে তারা আগে কিছুই জানতেন না।
তাদের দাবি, পরে তারা জানতে পারেন, পাশের বাড়ির খোরশেদ পাটোয়ারী তার নাতি পরিচয়ে চাঁদপুর থেকে একটি মৃত নবজাতকের মরদেহ এনে রাতের শেষ দিকে সেখানে দাফন করেছেন।
খোরশেদ পাটোয়ারী বলেন, তার এক মেয়ের বিয়ে চাঁদপুরে হয়েছে। সেখানে তার মেয়ের একটি মৃত সন্তান জন্ম নেয়। পরে চাঁদপুর থেকে মরদেহটি এনে বাড়ির পাশের আল আমিন বাজার মসজিদ-মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করেন তিনি।
তিনি আরও বলেন, দাফনের আগে আলহাবিব কওমি মাদ্রাসার হুজুরদের সঙ্গে পরামর্শ করলে তারা জানান, মৃত নবজাতকের জানাজার প্রয়োজন নেই। এরপর তিনি শিশুটিকে দাফন করেন।
রাতের শেষ সময়ে দাফন করায় স্থানীয়দের জানানোর সুযোগ হয়নি বলেও দাবি করেন তিনি।
এদিকে কবরস্থানে কাকে দাফন করা হয়েছে এবং বিষয়টি গোপনে কেন করা হলো- এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিষয়টি স্পষ্ট হবে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করা হচ্ছে।