চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৭ পিএম
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে বদলি করা হয়েছে।
বুধবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী
স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থ’
উল্লেখ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা শাস্তিমূলক ব্যবস্থার কথা
উল্লেখ করা হয়নি।
আদেশ অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তাকে সাতকানিয়া থানা
থেকে ছাড়পত্র নিতে হবে। নির্ধারিত সময়ে ছাড়পত্র না নিলে ২৩ সেপ্টেম্বর থেকে তিনি
তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে বিবেচিত হবেন।
উল্লেখ্য, এর একদিন আগেই ঠিকাদারি সমিতির বিরোধকে কেন্দ্র করে
বিএনপির দুই নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়। মামলার
পরদিনই ওসির বদলির আদেশ আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী
বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো আনুষ্ঠানিক চিঠি তার কার্যালয়ে পৌঁছায়নি।