ছবি: সংগৃহীত
ফেনীতে সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের দীর্ঘদিনের দাবিতে নতুন অগ্রগতি এসেছে। জেলার একটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৩ সেপ্টেম্বরের এক চিঠিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে ফেনীতে সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, সংসদীয় আসন-৩০৪-এর সদস্য রেহানা আক্তার রানু ফেনী জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। তার আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতেই সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি দীর্ঘদিনের। চলতি বছরের ৯ জুন জাতীয় সংসদে এ দাবি জোরালোভাবে তুলে ধরেন রেহানা আক্তার রানু।
এর আগে এপ্রিলেও ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়।
এদিকে ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠের নির্বাচনি জনসভায় ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ফেনী এখনও সেই ৩০ জেলার একটি, যেখানে কোনো সরকারি মেডিক্যাল কলেজ নেই। তবে সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন নির্দেশনাটি ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিকে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে নিয়ে গেলেও এখনই কলেজ স্থাপনের চূড়ান্ত অনুমোদন হয়েছে- এমনটি বলা যাচ্ছে না।