× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজারহাটে জিন্নাত হত্যা

অভিযুক্তদের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৩ কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৮ এএম

 রাতের আঁধারে কয়েকটি বাড়িতে মালামাল লুটের পাশাপাশি দরজা-জানালা, টিন ও কাঠ খুলে নেওয়ারও অভিযোগ রয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাতের আঁধারে কয়েকটি বাড়িতে মালামাল লুটের পাশাপাশি দরজা-জানালা, টিন ও কাঠ খুলে নেওয়ারও অভিযোগ রয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে জাহেদুল ইসলাম জিন্নাত হত্যাকাণ্ডের পর হত্যায় অভিযুক্তদের কয়েকটি বাড়িতে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

স্বজনদের দাবি, এসব বাড়ি থেকে গরু-ছাগল, ধান, স্বর্ণালংকার, মোটরসাইকেল, ফ্রিজ, সিলিং ফ্যান, সেচ পাম্পসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি ও আসবাবপত্র। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ আমলী আদালতে পিটিশন মামলা করেছে।

গত ১৪ জুলাই উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামের ফুলকা এলাকায় সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জিন্নাত নিহত হন। এ ঘটনায় ২৮ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লিমনকে গাজীপুরের শ্রীপুর থেকে র‌্যাব-১৩ গ্রেপ্তার করে আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত স্বজনদের অভিযোগ, জিন্নাত হত্যার পর উত্তেজনাকর পরিস্থিতির সুযোগ নিয়ে রাতের আঁধারে কয়েকটি বাড়িতে ঢুকে মালামাল লুট করা হয়।

দরজা-জানালা, টিন ও কাঠ খুলে নেওয়ার পাশাপাশি গাছপালাও কেটে নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

তাদের ভাষ্য অনুযায়ী, ৩০টি গরু, ১৩টি ছাগল, প্রায় ৭০০ মণ ধান, ২৫ ভরি স্বর্ণালংকার, একটি ১২৫ সিসির মোটরসাইকেল, ১২টি ফ্রিজ, ২৬টি সিলিং ফ্যান ও দুটি সেচ পাম্প। চেয়ার-টেবিল, দরজা-জানালা, গ্যাসের চুলা, শোকেস, আলমারি, টিউবওয়েল ও বিভিন্ন গৃহস্থালির সামগ্রীও লুট করা হয়েছে।

এ ছাড়া ১২টি টিনের ঘর এবং ইটের দেয়াল দিয়ে নির্মিত ৩০টি ঘরসহ বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলে দাবি স্বজনদের।

তাদের হিসাবে, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা। তবে এ অঙ্ক অভিযোগকারীদের দেওয়া হিসাব; লুট হওয়া মালামাল ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরও রাতে বাড়িঘরে গিয়ে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বাধা দিলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার হুমকির কথাও জানিয়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত স্বজনরা লুটপাট ও ভাঙচুরের অভিযোগ তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নতুন করে সংঘাত বা প্রতিশোধমূলক ঘটনা এড়াতে এলাকায় নজরদারি বাড়ানো প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা