মারামারির ঘটনায় রোগীর সঙ্গে আসা চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের সামনে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোগীর সঙ্গে আসা চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আহত আনসার সদস্যরা হলেন মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। চারজনকেই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বগুড়া জেলা আনসার কমান্ড্যান্ট গোলাম মাওলা তুহিন জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে কয়েকজন যুবক হাসপাতালে নিয়ে আসেন। রোগীকে ট্রলিতে নেওয়ার সময় ট্রলিম্যানদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা এক ট্রলিম্যানকে মারধর করেন।
তিনি বলেন, খবর পেয়ে টহলরত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলিম্যানকে উদ্ধার করেন। পরে আহত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও দাবি করেন, কিছুক্ষণ পর ওই যুবকেরা আবার ট্রলিম্যানকে খুঁজে মারধর শুরু করেন। তাকে রক্ষা করতে গেলে আনসার সদস্যদের ওপরও হামলা চালানো হয়।
আনসার কমান্ড্যান্ট বলেন, হামলাকারীদের কাছে চাকু বা ধারালো অস্ত্র ছিল বলে তারা জানিয়েছেন। হামলায় চার আনসার সদস্য আহত হন। তাদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার জানান, এ ঘটনায় রোগীর সঙ্গে আসা চার বন্ধুকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।