চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫০ পিএম
চট্টগ্রাম ওয়াসার বকেয়া রাজস্ব আদায়ে গঠিত বিশেষ টিমগুলোর কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসাসূচক সনদ এবং সর্বোচ্চ বকেয়া আদায়কারী তিন মিটার পরিদর্শককে ক্রেস্ট দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসার বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার ২৫ হাজার টাকার বেশি বকেয়াধারী সব গ্রাহকের সংযোগ সরেজমিনে পরিদর্শন করে বকেয়া আদায় কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। এ জন্য সিস্টেম অ্যানালিস্ট, কম্পিউটার প্রোগ্রামার, নির্বাহী প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা, রাজস্ব তত্ত্বাবধায়ক ও মিটার পরিদর্শকদের সমন্বয়ে আটটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি টিমকে মাঠপর্যায়ে সরাসরি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে বকেয়া আদায়ের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন তদারকি কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
চট্টগ্রাম ওয়াসার বকেয়া রাজস্বের পরিমাণ প্রায় ২৫৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কাছে ৭১ কোটি ৫২ লাখ এবং সাধারণ গ্রাহকদের কাছে ১৮৭ কোটি ৪৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে ওয়াসার সাম্প্রতিক তথ্যে জানা গেছে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, রাজস্ব আদায়ে বর্তমানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গঠিত মনিটরিং টিমগুলো এলাকাভিত্তিক কাজ করবে। নির্ধারিত এলাকার বকেয়াধারী গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে বিল পরিশোধে উৎসাহিত করা হচ্ছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলম, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দেসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।