নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৩ পিএম
প্রতীকী ছবি
নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. তরিকুল ইসলাম নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
তিনি উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।
মামলার এজাহারে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী
চাকরির কারণে ঢাকায় অবস্থান করেন। এ সুযোগে তরিকুল ইসলাম বিভিন্ন সময় তাকে
কু-প্রস্তাব দেওয়াসহ অশ্লীল অঙ্গভঙ্গি করতেন বলে অভিযোগ করা হয়েছে। ওই প্রস্তাবে
রাজি না হওয়া এবং বিষয়টি স্বামীকে জানানোয় তরিকুল ইসলাম তার ওপর ক্ষুব্ধ হন।
একপর্যায়ে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার
অভিযোগও করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট রাত আড়াইটার
দিকে বাড়িতে থাকা হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ঘর থেকে বের হন ওই
গৃহবধূ। হাঁস-মুরগি দেখে ঘরে ফেরার সময় পেছন থেকে তরিকুল ইসলাম তাকে জাপটে ধরেন
বলে অভিযোগ করা হয়েছে।
পরে অজ্ঞাত আরও ২-৩ জনের সহযোগিতায় তরিকুল ইসলাম তাকে
ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর ধস্তাধস্তি ও গোঙানির
শব্দ শুনে তার মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার করলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান
বলে এজাহারে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যুবদল নেতা মো. তরিকুল
ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন,
বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বুধবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, লোহাগড়া থানায় এর আগে ৭ সেপ্টেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলাটি করেন।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।