সমাপনী অনুষ্ঠানে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফাইল ছবি
জামালপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, পাবনা, মানিকগঞ্জ ও ঠাকুরগাঁও—দেশের এই ৬টি জেলায় সম্পন্ন হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ দিনব্যাপী কারিগরি প্রশিক্ষণের প্রথম ধাপ।
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার মেসন(রাজমিস্ত্রি), শাটারিং কার্পেন্টার ও স্টিল ফিক্সার কোর্সের সমাপনী ঘোষণা করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি প্রশিক্ষণার্থীদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সাথে অর্জিত দক্ষতাকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।
মহাপরিচালক তার বক্তব্যে দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী এই প্রশিক্ষণ জীবনযাত্রার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী অনুষ্ঠানে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মানিকগঞ্জে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক জনাব আসাদুজ্জামান গনি, মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন(৩৬বিএন) এর পরিচালক জনাব সরোয়ার জাহান চৌধুরী ও জেলা কমান্ড্যান্ট জনাব আমিনুল ইসলাম।
এ ছাড়া জামালপুরে জেলা কমান্ড্যান্ট মো. মীর বহর শাহাদৎ হোসেন, সিরাজগঞ্জে জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, নওগাঁয় জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবির, পাবনায় জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার এবং ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক ও জেলা কমান্ড্যান্ট জনাব নজরুল ইসলাম ভুঁইয়া সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।