বেড়া, সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৬ পিএম
প্রতীকী ছবি
পাবনার সাঁথিয়ায় একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বৃষ্টি খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। তবে এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা দুই বছর বয়সী শিশুকন্যা কোনো আঘাত ছাড়াই অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।
বুধবার দুপুর দুইটার দিকে বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি খাতুন সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া এলাকার হাসান মল্লিকের মেজো মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানায়, বুধবার দুপুরে বৃষ্টি খাতুন তার দুই বছরের মেয়েকে নিয়ে অটোরিকশায় করে বেড়া বাসস্ট্যান্ড থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন। বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পাম্পের সামনে পৌঁছালে বেপরোয়া গতির অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে বৃষ্টি খাতুন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তবে তার কোলের শিশুটি অক্ষত থাকে।
পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় বৃষ্টি খাতুনকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশা ও ট্রাকটি শনাক্ত করেছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত অটোরিকশাচালককে আটকের চেষ্টা চলছে এবং পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।