× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদের প্লাস্টার খসে নার্সসহ আহত ৫

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৯ পিএম

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার খসে পড়ে এক নার্সসহ পাঁচজন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার খসে পড়ে এক নার্সসহ পাঁচজন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদের প্লাস্টার খসে পড়ে এক নার্সসহ পাঁচজন আহত হয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রফিকুল ইসলাম (৪৫), মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), পৌর এলাকার সুজাপুর প্রফেসরপাড়ার মিজানুর রহমানের ছেলে ফেরদৌস (২০), মিরপুর এলাকার আব্বাস আলী (২৬) ও পাকাপানের নরেন চন্দ্র (৩৮)।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঘটনার সময় জরুরি বিভাগে রোগী ও স্বজনদের ভিড় ছিল। হঠাৎ বিকট শব্দে কক্ষের ছাদের প্লাস্টার খসে পড়ে। এতে সেখানে থাকা পাঁচজন আহত হন। আহতদের মধ্যে নার্স রফিকুল ইসলাম তুলনামূলকভাবে বেশি আহত হয়েছেন। ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য দুজন সামান্য আহত হওয়ায় তাদের চিকিৎসার প্রয়োজন হয়নি।

ছাদের প্লাস্টার খসে পড়ার পর জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দিগ্বিদিক ছুটাছুটি শুরু করেন। এ সময় কিছুক্ষণের জন্য জরুরি বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ থাকলেও পরে পাশের একটি কক্ষে জরুরি বিভাগের কার্যক্রম চালু করা হয়।


ঘটনার সময় চিকিৎসা নিতে আসা লক্ষ্মীপুর গ্রামের রহিমা বেগম বলেন, “চিকিৎসা নেওয়ার জন্য পেশেন্ট বেডে শুয়ে ছিলাম। কিছুক্ষণ পরই বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। আমি আহত না হলেও কয়েকজন আহত হয়েছেন”।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা আক্তার সুইটি বলেন, “ঘটনার সময় জরুরি বিভাগ রোগী ও স্বজনদের ভিড়ে পূর্ণ ছিল। এরই মধ্যে হঠাৎ বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে রফিকুল ইসলাম কিছুটা বেশি আহত হলেও তিনি গুরুতর নন। অন্যদের অবস্থাও গুরুতর নয়”।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এজেএস মোস্তাহিদুল ইসলাম। তিনি বলেন, “ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা জরুরি”।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাজেদুল ইসলাম সাজু বলেন, “ঘটনার সময় জরুরি বিভাগে অনেক রোগী ও স্বজন ছিলেন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটিই স্বস্তির বিষয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে জানানো হয়েছে। সেখান থেকে প্রকৌশলী এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা