প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৪ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৭ পিএম
সিংড়া থানা। ছবি: সংগৃহীত
নাটোরের সিংড়ায় জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল লতিফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার আব্দুল লতিফসহ চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রুখশানা খাতুন।
অভিযুক্ত অন্যরা হলেন লতিফের প্রথম স্ত্রী সেলিনা বেগম, প্রথম পক্ষের মেয়ে সোহাগী খাতুন ও ছেলে সজিব হোসেন।
আব্দুল লতিফ উপজেলার ১১ নম্বর ছাতারদিঘী ইউনিয়নের দামকুড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রথম স্বামী মারা যাওয়ার পর আট বছরের মেয়েকে নিয়ে সিংড়ার খামারুপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন রুখশানা। রেজিস্ট্রি অফিসে চাকরি করে সংসার চালাতেন তিনি। এ সময় আব্দুল লতিফের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে বিয়ে হয়। বিয়ের পর ব্যবসার জন্য লতিফকে এক লাখ টাকা দেন রুখশানা। পরে জানতে পারেন, গ্রামে লতিফের প্রথম স্ত্রী ও কলেজপড়ুয়া এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে তাদের বিচ্ছেদ হয়।
পরে বিভিন্ন অজুহাতে দ্বিতীয়বার কাবিন করে রুখশানাকে বিয়ে করেন লতিফ। অভিযোগে বলা হয়, পারিবারিকভাবে রুখশানাকে স্বীকৃতি দেওয়ার শর্ত ছিল। বিয়ের কিছুদিন পর সিংড়া পৌর এলাকায় রুখশানার নামে থাকা ১২ লাখ টাকা মূল্যের তিন শতক জমি দলিল করে দেওয়ার শর্ত দেন লতিফ। এতে রাজি না হওয়ায় রুখশানার ওপর মানসিক নির্যাতন শুরু হয়।
একপর্যায়ে মেয়ের নামে জায়গাটি লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন রুখশানা। বিষয়টি জানতে পেরে লতিফ মা-মেয়েকে মারধর করেন এবং জায়গা মেয়ের নামে লিখে দিলে তালাক, চাকরি থেকে সরিয়ে দেওয়া ও এলাকা ছাড়া করার হুমকি দেন। পরে গোপনে মেয়ের নামে জায়গাটি লিখে দেন রুখশানা। বিষয়টি জানতে পেরে লতিফ মোবাইলে মা-মেয়েকে গালিগালাজ করেন এবং রেজিস্ট্রি অফিসের কেরানির মাধ্যমে তালাকের কাগজ পাঠান।
অভিযোগে আরও বলা হয়, ১২ সেপ্টেম্বর চাপাতি নিয়ে মা-মেয়েকে জিম্মি করে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন লতিফ। ব্যর্থ হয়ে জায়গাটি তার নামে লিখে দেওয়ার জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন। সময় পার হলে স্কুলে যাওয়ার পথে মেয়েকে অপহরণ ও হত্যার হুমকিও দেন।
রুখশানা খাতুন বলেন, “লতিফের ভয়ে আমরা মা মেয়ে কঠিন সময় পার করছি। আমরা নিরাপত্তা চাই।”
অভিযোগের তদন্ত কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগটির তদন্ত চলছে। প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।