সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৬ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে হাত-পা বাঁধা বস্তাবন্দি এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে হাত-পা বাঁধা বস্তাবন্দি মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আইয়ুব হোসেন উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার
আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা
গেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন
নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান
পাননি। পরে বুধবার সকালে কাঁচপুরে জালালাবাদ ওষুধ কোম্পানির একটি ভাঙারি
গোডাউনের পেছনের ডোবায় স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহজনক মনে হলে
তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাটি
উদ্ধার করে। পরে বস্তা খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ দেখতে
পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া
হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় জামির হোসেন নামের একজন নিরাপত্তা প্রহরীকে
জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, আইয়ুব হোসেনকে অন্য কোথাও
হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার
প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া
যায়নি।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যের
সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন
স্থানীয়রা। এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জের খ-সার্কেলের অতিরিক্ত
পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আব্দুল বারিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায়
আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।