বগুড়া অফিস
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৮ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৯ পিএম
বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট (উত্তর) মিলনায়তনে সংবাদ সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও জনগণের সঙ্গে প্রতারণা করলে বা স্বৈরাচারের পথে হাঁটলে বর্তমান সরকারের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পালাবার জায়গা পেয়েছে, তাদের পাশে একটা দেশ আছে। কিন্তু আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করলে বা স্বৈরাচারের পথে হাঁটলে আপনাদের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট (উত্তর) মিলনায়তনে আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে বগুড়ার সন্তান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন আজহারুল ইসলাম। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
আজহারুল ইসলাম বলেন, যাদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে আমি নিজে একটি মিথ্যা ফাঁসির মঞ্চ থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি এবং দেশের ১৮ কোটি মানুষ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
গত ১৬-১৭ বছর ধরে জুলুম, নির্যাতন, গুম, খুন ও আয়নাঘরের যে অধ্যায় চলেছে, বিএনপি, জামায়াতসহ বিরোধী দলগুলো তার প্রতিবাদ করলেও ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি। পরে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী এক দফা আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটে বলে দাবি করেন তিনি।
গণভোটের প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, সংসদীয় ব্যবস্থাকে ব্যবহার করে কেউ যাতে একক ব্যক্তির শাসন কায়েম করতে না পারে, সে জন্য রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছিল। এর ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়। গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৬৯ শতাংশ ভোট পড়ে।
তিনি অভিযোগ করেন, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বিজয়ী দল বিএনপির সদস্যরা পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছেন। তাঁর ভাষায়, সংসদ সদস্য পদে শপথ নিয়ে সংবিধান সংস্কার এড়িয়ে যাওয়া স্পষ্টত জনগণের সঙ্গে প্রতারণা।
সংসদে গুম প্রতিরোধে সরকারের আনা বিলেরও সমালোচনা করেন আজহারুল ইসলাম। তার দাবি, প্রস্তাবিত বিলটি আগের চেয়েও খারাপ এবং এতে গুমকে আরও উৎসাহিত করার সুযোগ রয়েছে। এর প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন বলেও জানান তিনি।
লংমার্চের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, সংসদ ও রাজপথে সোচ্চার হওয়ার পরও সরকার তাদের দাবিতে কর্ণপাত না করায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, আবরার হাদী হত্যার বিচার দ্রুত করা এবং বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান তিনি।
বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকটের জন্য অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটকে দায়ী করেন আজহারুল ইসলাম। তার অভিযোগ, নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে ক্ষমতাসীন দলের চাঁদাবাজি ও স্থানীয় দখলদারি রয়েছে। সারের বরাদ্দ ও স্থানীয় প্রশাসনে দলীয়করণেরও সমালোচনা করেন তিনি।
অর্পিত সম্পত্তি আইন সংশোধন এবং উত্তরাঞ্চলের ১১টি অর্থনৈতিক অঞ্চল বাতিলের বিষয়েও কথা বলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, অর্পিত সম্পত্তি আইনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার হরণের পাঁয়তারা চলছে। একই সঙ্গে উত্তরাঞ্চলসহ পিছিয়ে পড়া এলাকার অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত আঞ্চলিক বৈষম্য তৈরি করবে দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজহারুল ইসলাম বলেন, গণহত্যা ও হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় ধীরগতি দেখা যাচ্ছে। বিচার কার্যক্রম আরও দ্রুত ও স্বচ্ছ করার দাবি জানান তিনি।
তিনি বলেন, সুপ্রিম কোর্টে আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো একটি রায়েই আমরা সন্তুষ্ট নই। আমরা পুরো জুলাই গণহত্যার পূর্ণাঙ্গ ও দৃশ্যমান বিচার চাই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা-রংপুর লংমার্চ শুরু হবে। সিরাজগঞ্জ, বগুড়া ও টাঙ্গাইল হয়ে লংমার্চ রংপুরে গিয়ে শেষ হবে।
এর আগে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, লংমার্চের বহর ওই দিন বিকেল ৩টার দিকে বগুড়ার মাটিডালী বিমানমোড়ে পৌঁছানোর পর সেখানে সমাবেশ হবে।
দাবি আদায় না হলে ১১ দলীয় জোট আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়।