ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৪ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪১ পিএম
ভূল্লী বাজার সাব রেজিস্ট্রার অফিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রশাসনিক রূপান্তরের জটিলতায় ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী এলাকায় জমির নামজারি বা খারিজ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
নতুন উপজেলা ঘোষণার পর ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সিস্টেমে সীমানা নির্ধারণ, বালাম বইয়ের রেকর্ড পৃথকীকরণ ও অনলাইন সার্ভার সমন্বয়ে জটিলতার কারণে মাসের পর মাস ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা।
এতে জমি কেনাবেচা, ব্যাংকঋণ গ্রহণ এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি বণ্টনের মতো জরুরি কাজও আটকে আছে।
স্থানীয় ভুক্তভোগী ও দলিল লেখকদের সূত্রে জানা গেছে, ভূল্লী উপজেলা গঠনের আগে সংশ্লিষ্ট ইউনিয়নগুলো ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমি অফিসের অধীনে পরিচালিত হতো। নতুন উপজেলা ঘোষণার পর মৌজা ও খতিয়ানের তথ্য নতুন প্রশাসনিক কোডে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হলেও এখনও পুরোপুরি কার্যকর হয়নি।
সেবাগ্রহীতাদের অভিযোগ, সরকারি ‘স্মার্ট ভূমি সেবা’ পোর্টালে আবেদন করতে গিয়ে অনেক সময় ভূল্লী এলাকার মৌজাগুলো সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। ফলে শত শত আবেদন সদর ও ভূল্লী ভূমি অফিসে আটকে রয়েছে।
নামজারি না হওয়ায় আর্থিক কর্মকাণ্ডেও প্রভাব পড়ছে। জরুরি প্রয়োজনে জমি বিক্রি করে চিকিৎসা বা সন্তানের পড়াশোনার খরচ মেটাতে পারছেন না অনেকে।
কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও জমি বন্ধক রেখে ব্যাংকঋণ নিতে গিয়ে হালনাগাদ নামজারি পর্চা না থাকায় সমস্যায় পড়ছেন।
এ সুযোগে সার্ভার জটিলতা সমাধানের আশ্বাস দিয়ে এক শ্রেণির দালাল ও মধ্যস্বত্বভোগী টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
ভূল্লী বাজারের সেবাগ্রহীতাদের কয়েকজনের ভাষ্য, উপজেলা ঘোষণার পর সরকারি সেবা দোরগোড়ায় পাওয়ার আশা করেছিলেন তারা। কিন্তু জমির খারিজ করাতে মাসের পর মাস সদর ও ভূল্লী ভূমি অফিসে ঘুরতে হচ্ছে। তারা দ্রুত স্থায়ী এসিল্যান্ড নিয়োগ এবং নিরবচ্ছিন্ন অনলাইন ভূমিসেবা চালুর দাবি জানান।
হাসান নামে এক ব্যবসায়ী জানান, জমির খারিজ বন্ধ থাকায় আমি জমি বিক্রি করতে পারতেছি না। আমার জরুরী ভিক্তিতে কিছু টাকার দরকার। এখন আমি কী করব, দ্রুত সময়ের মধ্যে আমি এর সমাধান চাই।
ভূল্লী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক বাবুল জানান, খারিজ বন্ধ থাকায় এখন দলিল সম্পাদন কম হচ্ছে। আমরা দলিল লেখকরাও খুব বেকায়দায় পড়েছি। দ্রুত এর সমাধান প্রয়োজন।
ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, নতুন উপজেলা হিসেবে প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চালু করতে কিছুটা সময় লাগছে। ভূমিসেবার সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং দ্রুত নামজারি সেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসনের সংশ্লিষ্ট এক রাজস্ব কর্মকর্তা জানান, নতুন উপজেলা ঘোষণার পর ডিজিটাল ডাটাবেজ স্থানান্তর ও বালাম বইয়ের রেকর্ড পৃথকীকরণে কারিগরি সময় লাগে। ভূমি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সহায়তায় সার্ভার জটিলতা নিরসন করে দ্রুত নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা হবে।