আইনশৃঙ্খলার অবনতি
ছবি: সংগৃহীত
কক্সবাজারের মহেশখালীতে গত ৮ দিনের ব্যবধানে ৩জন খুন হয়েছেন। একজন জেলা গোলকিপার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এই পাহাড়ী অঞ্চলে আইনশৃঙ্খলা এতোটাই ভেঙে পড়েছে যে, চোর সন্দেহে দিনদুপুরে প্রকাশ্যে পিটিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। এ নিয়ে বিন্দুমাত্র পরোয়া করছে না।
শুধু হত্যা করেই অপরাধের ইতি টানছে না অপরাধীরা। মাদ্রাসার মধ্যে শিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। বিস্তর অপরাধের পরও কেবল গৃহবধূ হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার হলেও মহেশখালী থানা পুলিশকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। তবে শান্তনা দিয়ে পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা সভা পরিচালনা করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর সকালে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপের একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে মনির উদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল। মনির মাতারবাড়ী এলাকার বাসিন্দা।
তার স্বজনদের অভিযোগ, তাকে আটকে রেখে বৈদ্যুতিক শর্টসহ বিভিন্নভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে মাতারবাড়ী এলাকার শত শত মানুষ প্রকল্পের গেটের সামনে মানববন্ধন করেন। এই নিষ্ঠুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
একই দিন সন্ধ্যায় উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড় শীল পাড়ায় বসতবাড়িতে ঢুকে শিল্পী রানী শীল (৫০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়। স্থানীয়দের অভিযোগ, অজ্ঞাত এক ব্যক্তি বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। এ ঘটনার পরদিন স্থানীয়রা মানববন্ধন করে দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি জানান। পরে হোয়ানকের কালাগাজিপাড়া এলাকা থেকে সৈয়দুল করিম নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর শুক্রবার (১১ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সজিবুল ইসলাম সাঈদী মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে তার ওপর হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরীর স্বজনদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
সর্বশেষ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় চোর সন্দেহে ফয়সাল (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের ভাষ্য, ফয়সাল চুরি করতে গিয়ে ধরা পড়লে বাড়ির মালিক ও স্থানীয় লোকজন মিলে তাকে মারধর করেন। অন্যদিকে নিহতের বাবা দাবি করেছেন, তার ছেলে টমটমচালক ছিলেন। সকালে ভাড়া নিয়ে স্থানীয় কেফায়েত উল্লাহর সঙ্গে বিরোধের জেরে ফয়সালকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার দাবি করেছে। ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এলাকার বিশিষ্টজন মহেশখালী থানার বর্তমান ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। উপজেলার আইনশৃঙ্খলার অবনতিতে ওসি মোটেই চিন্তিত নয় বলে তাদের ধারনা। এলাকার বিশিষ্টজন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বলে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
কিছুদিন আগে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেমবর) বড় মহেশখালীতে আবারও ফয়সল নামে একজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ছোট সন্তান রয়েছে, তার স্ত্রীও আট মাসের অন্তঃসত্ত্বা। এর আগে হোয়ানকে একজন নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অন্যদিকে গোলকিপার সাঈদী এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসন রয়েছে রীতিমতো নির্বিকার। কারোর পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা বাড়ছে। আমরা জানতে চাই, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে থানার ওসির ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তারও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে বক্তব্য নিতে মহেশখালী থানার ওসি আব্দুস সুলতানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে থানার তদন্ত কর্মকর্তা প্রতুল কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হোয়ানকের গৃহবধূ হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোলরক্ষক সাঈদীর ওপর হামলার ঘটনা এখনও প্রাথমিক তদন্ত পর্যায়ে রয়েছে। আর চোর সন্দেহে ফয়সালকে হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি পাড়ায় পাড়ায় আইনশৃঙ্খলা সভাও করা হচ্ছে।