নিহত যুবক ইকন। ছবি: সংগৃহীত
বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নববিবাহিত যুবক ইকনের। লক্ষ্মীপুরের রামগঞ্জে জীপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই সহযাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলার আলীপুর বাজারসংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন জানান, সন্ধ্যায় ইকনসহ তিনজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় আলীপুর বাজারসংলগ্ন এলাকায় একটি জীপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
ওই সময় সেখানে থাকা লোকজন তাদের উদ্ধার করে রামগঞ্জে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ইকনের অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তারা।
নিহত ইকন রামগঞ্জের আরএসএম নেটওয়ার্কের সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যুগী বাড়ির বাসিন্দা।
স্বজনরা জানান, মাত্র তিন দিন আগে বিয়ে করেছিলেন ইকন। নতুন জীবনের স্বপ্ন ও আনন্দে যে পরিবারে উৎসবের আমেজ ছিল, আকস্মিক দুর্ঘটনায় সেখানে এখন নেমে এসেছে শোকের মাতম।
ইকনের মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।