নূরুল হক, মনিরামপুর (যশোর)
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২১ পিএম
জলাবদ্ধতার কারণে পানি জমে আছে একটি বিদ্যালয়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভবদহের জলাবদ্ধতায় যশোরের মনিরামপুরে অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মাঠ, বারান্দা ও শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।
তবে কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিকল্প স্থানে নিয়ে বিশেষ ব্যবস্থায় পাঠদান চালানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবদহের জলাবদ্ধতার কারণে উপজেলার কুলটিয়া, মনোহরপুর, হরিদাসকাটি, ঢাকুরিয়া, নেহালপুর ও দুর্বাডাঙ্গা ইউনিয়নের বেশিরভাগ এলাকা বছরের দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকে।
সম্প্রতি টানা বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুলটিয়া, হরিদাসকাটি ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাফ্ফর হোসেন জানান, অতিবর্ষণে ভবদহ এলাকার জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। বর্তমানে উপজেলার প্রায় ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, বারান্দা ও শ্রেণিকক্ষে পানি উঠেছে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়ে বিকল্প স্থানে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোতে নানা প্রতিকূলতার মধ্যেও শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পানিবন্দি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে হাটগাছা মাধ্যমিক বিদ্যালয়, কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পোড়াডাঙ্গা আরসি মাধ্যমিক বিদ্যালয়, বাগডাঙ্গা-দোহাকুলা মাধ্যমিক বিদ্যালয়, লখাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, নেবুগাতী মাধ্যমিক বিদ্যালয়, পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, হরিনা মাধ্যমিক বিদ্যালয়, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়, ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ্যালয়, রাজিপুর কেএমএস মাধ্যমিক বিদ্যালয় ও চান্দুয়া-সমসকাটি মাধ্যমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামছুল আলম জানান, প্রায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পানি উঠেছে। ভুলবাড়িয়া, সুজাতপুর মধ্যপাড়া, আসাননগর ও বয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বারান্দা ও শ্রেণিকক্ষে এক থেকে দেড় ফুট পানি জমে থাকায় শিক্ষার্থীদের বিকল্প স্থানে পাঠদান করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রায় দুই মাস ধরে পানিবন্দি। বিদ্যালয়ের মাঠের পাশাপাশি শ্রেণিকক্ষেও কোমরসমান পানি জমে আছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী দাস মল্লিক বলেন, “দুই মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে আছে। ফলে প্রায় দুই কিলোমিটার দূরে হাজিরহাট বাজারের একটি ভবনের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে বিশেষ ব্যবস্থায় পাঠদান চালানো হচ্ছে।”
ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য বিশ্বাস বলেন, বিদ্যালয় প্রাঙ্গণ পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের একটি বাড়িতে অস্থায়ীভাবে পাঠদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন বলেন, “ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা ও সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে বসতবাড়ির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে।”
পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।