ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৮ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১০ পিএম
ছিনতাইকারী সাগর মিয়া
ফেনী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করেছেন আদালত।
মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিচারকাজ শেষ করে আসামি মো.
সাগর মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে
তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল এই দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত
সাগর কিশোরগঞ্জের চোহালি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। সে ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকার
একটি মেসে ভাড়া থাকত।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার
রাত ৯টার দিকে কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী তার শিশু কন্যাকে নিয়ে শহরের ট্রাংক
রোডের কালীমন্দিরে পূজা দিতে যান। এ সময় সাগর তার গলায় থাকা ৮৮ হাজার টাকা মূল্যের
একটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করে।
পরে মন্দিরে থাকা উপস্থিত এক যুবক তাকে হাতেনাতে ধরে ফেলে ও পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় সুদীপ্তা চক্রবর্তী বাদী হয়ে সোমবার রাতেই ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। পরদিন মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিট জমা দিলে আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ গ্রহণ করেন। যাবতীয় বিচার কাজ একদিনে সম্পন্ন করে মঙ্গলবারই রায় ঘোষণা করা হয়। উদ্ধারকৃত চেইনটি ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়েছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অপরাধ
সংঘটিত হওয়ার পর দ্রুততম সময়ে চার্জশিট প্রদান ও একদিনে বিচারকাজ শেষ হওয়া ফেনীর বিচারিক
ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।