৩৫ বছরের আইনি লড়াই
বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৫ পিএম
জমির মালিক বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুল বারেক (বাঁয়ে)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘ ৩৫ বছরের আইনি লড়াই, হুমকি-ধমকি ও জমি দখলের নানা অপচেষ্টার পর অবশেষে নিজের কেনা জমির অধিকার ও দখল ফিরে পেয়েছেন বরগুনা বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুল বারেক।
আদালতের নির্দেশে প্রশাসনের সহযোগিতায় সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে তাকে বুঝিয়ে দেওয়া হয়।
তবে জমির দখল ফিরে পেলেও হয়রানি ও হুমকির অভিযোগে নিরাপত্তাহীনতায় ভুগছেন আব্দুল বারেক।
তার অভিযোগ, মামলার রায় পাওয়ার পর থেকেই একটি ভূমিদস্যু চক্র তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। সর্বশেষ জমি মেপে বুঝিয়ে দেওয়ার পরদিন থানায় মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশি হয়রানি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর আগে আইনগত প্রক্রিয়ায় দুই একর ৪৮ শতাংশ জমি কেনেন আব্দুল বারেক। জমির মূল দলিল, নামজারি ও হালনাগাদ খাজনার রসিদসহ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় একটি প্রভাবশালী মহল তাকে জমিতে প্রবেশে বাধা দেয়। পরে তিনি ৫৬ জনকে বিবাদী করে দেওয়ানি মামলা করেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের ২ এপ্রিল আদালত তার পক্ষে পূর্ণাঙ্গ রায় দেন। পরাজিত বিবাদীরা আপিল করলেও তা খারিজ হয়ে যায়।
আদালতের চূড়ান্ত রায়ের পরও জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা টুকু মোল্লার নেতৃত্বে রাতের আঁধারে ট্রাক্টর দিয়ে জমিতে চাষাবাদ এবং পুনরায় দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন আব্দুল বারেক।
পরে আদালতের প্রতিনিধি ও সার্ভেয়ারের উপস্থিতিতে আইনানুগভাবে জমি মেপে সীমানা নির্ধারণ করা হয়। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জমিটি তাকে বুঝিয়ে দেওয়া হয়।
জমির মালিক এবিএম আব্দুল বারেক বলেন, “আমি দেশের জন্য যুদ্ধ করেছি, কিন্তু নিজ ভূখণ্ডে নিজের কেনা জমির অধিকার পেতে আমাকে ৩৫ বছর লড়তে হয়েছে। একটি স্বার্থান্বেষী মহলের কারণে দীর্ঘদিন চরম মানসিক যন্ত্রণায় কাটিয়েছি। আদালতের রায় ও প্রশাসনের সহযোগিতায় আজ আমি আমার জমি ফিরে পেয়েছি। দেরিতে হলেও সত্য ও ন্যায়ের জয় হয়েছে, আমি বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞ।”