চট্রগ্রামের কৃষি গবেষণা কেন্দ্রে 'সেনজেড অ্যাগ্রো' নামের সৌরশক্তি চালিত স্মার্ট ডিভাইসের ব্যবহার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের কৃষি গবেষণা কেন্দ্রে ‘সেনজেড অ্যাগ্রো’ নামের সৌরশক্তি-চালিত একটি স্মার্ট ডিভাইস ব্যবহার করে টমেটো চাষে আশাব্যঞ্জক ফল পাওয়া যাচ্ছে। পরীক্ষামূলকভাবে চাষ করা টমেটো গাছে ইতোমধ্যে ফুল এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে এসব গাছে ফল পাওয়ার আশা করছেন গবেষকরা। তাদের মতে, প্রযুক্তির সহায়তায় গাছের পরিবেশ ও পরিচর্যা নিয়ন্ত্রণ করা গেলে নির্দিষ্ট মৌসুমের বাইরেও টমেটো উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে। ‘সেনজেড অ্যাগ্রো’ ডিভাইসটি মাটির আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা ও আবহাওয়ার পরিবর্তনের তথ্য সংগ্রহ করে। পাশাপাশি এটি কার্বন নিঃসরণের মাত্রার তথ্যও জানাতে সক্ষম। আধা ঘণ্টা পরপর জমি ও গাছের বিভিন্ন তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্টদের কাছে পাঠাতে পারে ডিভাইসটি।
কৃষিতে এর ব্যবহার হলে অনুমানের ভিত্তিতে সেচ দেওয়ার পরিবর্তে মাটির প্রকৃত আর্দ্রতার তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। মাটিতে পানির পরিমাণ বা আর্দ্রতা কমে গেলে ডিভাইসের মাধ্যমে তা জানা যাবে। সেচ দেওয়ার পর মাটির আর্দ্রতার কী পরিবর্তন হয়েছে, সেটিও পর্যবেক্ষণ করা যাবে। ফলে গাছের প্রয়োজন অনুযায়ী সেচ ও পরিচর্যা করা সম্ভব হবে। গবেষণায় ব্যবহৃত ডিভাইসটি দিয়ে প্রায় এক একর জমির তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করা সম্ভব। এটি সৌরশক্তি-চালিত হওয়ায় আলাদা বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয় না। ফলে প্রত্যন্ত কিংবা বিদ্যুৎ সুবিধা বঞ্চিত এলাকাতেও এটি ব্যবহার করা সম্ভব।
কৃষি গবেষণা কেন্দ্র চট্টগ্রামের বিজ্ঞানীরা জানান, বর্তমানে পরীক্ষামূলকভাবে চাষ করা টমেটো গাছগুলোতে ফুল এসেছে। সবকিছু ঠিক থাকলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ফল পাওয়ার আশা করা হচ্ছে। সাধারণত টমেটো নির্দিষ্ট মৌসুমের ফসল। তবে প্রযুক্তির সহায়তায় গাছের পরিবেশ ও প্রয়োজনীয় পরিচর্যা নিয়ন্ত্রণ করা গেলে মৌসুমের বাইরেও উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে।
কৃষি গবেষণা কেন্দ্র চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বর্তমানে গবেষণার জন্য টমেটো গাছে ডিভাইসটি ব্যবহার করে সুফল পাওয়া যাচ্ছে। ডিভাইসটির মাধ্যমে গাছ ও মাটির বিভিন্ন তথ্য নিয়মিত পাওয়া যাচ্ছে এবং সেই তথ্যের ভিত্তিতে গাছের প্রয়োজন অনুযায়ী পরিচর্যা করা হচ্ছে। এতে স্বাভাবিক পদ্ধতিতে চাষ করা গাছের তুলনায় দ্রুত বৃদ্ধি দেখা যাচ্ছে। বর্তমানে গাছে ফুল এসেছে এবং দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ফল পাওয়ার আশা করা হচ্ছে।
তিনি বলেন, একটি টমেটো গাছ বড় হতে প্রায় তিন মাস সময় লাগে। এই সময়ে গাছের প্রয়োজন অনুযায়ী পানি ও অন্যান্য পরিচর্যা নিশ্চিত করা গেলে গাছের বৃদ্ধি ও ফলন আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি ডিভাইস দিয়ে এক একর জমিতে কাজ করা সম্ভব বলেও জানান তিনি।
এদিকে প্রযুক্তিটির সঙ্গে কাজ করছে ফার্মনেক্সট নামের একটি বৈশ্বিক কৃষিপ্রযুক্তি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি স্যাটেলাইটভিত্তিক তথ্য, আবহাওয়ার উপাত্ত, মাঠপর্যায়ের তথ্য ও আধুনিক ডেটা অ্যানালিটিকস সমন্বয় করে কৃষি ঝুঁকি মূল্যায়ন, উৎপাদন পরিকল্পনা, কৃষি বীমা, কৃষকদের আর্থিক সেবায় প্রবেশাধিকার এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে।