প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ এএম
ঝিনাইদহ থানা। ছবি: সংগৃহীত
ঝিনাইদহের প্রয়াত ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতার জায়গা-জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে গত বুধবার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার একমাত্র ছেলে ও মানবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ।
জিডি সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের পৌরসভা গেট এলাকায় দীর্ঘদিন ধরে ইন্টারনেট ব্যবসা করছেন আনোয়ারুজ্জামান। কয়েক মাস ধরে তার ব্যবসা ও জায়গা-জমির ওপর স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মোল্ল্যার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্রের নজর পড়েছে বলে অভিযোগ তার।
পরে ব্যবসা ও জমি দখলে নিতে তাকে ভয়ভীতি দেখানো এবং একাধিকবার মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগও করা হয়েছে জিডিতে।
আনোয়ারুজ্জামান আজাদ বলেন, “আমি আমার পরিবারের একমাত্র সন্তান। উত্তরাধিকার সূত্রে আমি মূল্যবান বেশকিছু সম্পত্তি পেয়েছি। যাতে কাজলসহ রাজনৈতিক একটা গোষ্ঠীর নজর পড়েছে। তারা হুমকি-ধমকি দিয়ে আমার সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে চাই। এজন্য আমাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত প্রদান করেছে।”
অভিযোগ প্রত্যাখ্যান করে কাজল মোল্ল্যা বলেন, আমাকে নিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাউদজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।