মনিরুজ্জামান বাবলু, চাঁদপুর
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৩ এএম
চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বিদেশগামী কর্মীদের তিন দিনের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ নিয়ে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
নির্ধারিত আসনের তুলনায় কয়েক গুণ বেশি প্রশিক্ষণার্থী ভর্তি করায় অনেককে দাঁড়িয়ে কিংবা শ্রেণিকক্ষের বাইরে থেকে ক্লাস করতে হচ্ছে।
প্রশিক্ষণার্থীদের অভিযোগ, যথাযথ প্রশিক্ষণ না নিয়েও শুধু ডিজিটাল হাজিরার মাধ্যমে সার্টিফিকেট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বিদেশে যাওয়ার আগে কর্মীদের জন্য এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও চাঁদপুর টিটিসিতে আসন সংকট, প্রশিক্ষক স্বল্পতা, অপরিচ্ছন্ন পরিবেশ, ওয়াশরুমের দুরবস্থা ও সুপেয় পানির সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রশিক্ষণার্থীরা।
তারা সার্টিফিকেট বাণিজ্য বন্ধ এবং নির্ধারিত আসনের অতিরিক্ত ভর্তি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
সরেজমিনে টানা চারদিন চাঁদপুর টিটিসিতে গিয়ে দেখা যায়, কেউ বসে, কেউ দাঁড়িয়ে আবার কেউ দরজা-জানালার পাশে দাঁড়িয়ে ক্লাস করছেন। অনেকে শ্রেণিকক্ষের বাইরে অবস্থান করছেন। কেউ কেউ পুরো ক্যাম্পাসে ঘোরাফেরা করছেন।
প্রশিক্ষণার্থীদের দাবি, ২০০ জনের মতো বসার ব্যবস্থা থাকলেও একটি ব্যাচে ৪০০ জনের বেশি ভর্তি করা হয়েছে।
প্রশিক্ষণার্থী রিফাত মজুমদার বলেন, “আমরা দাঁড়িয়ে রইছি, আমরা টাকা দিয়া এখানে ট্রেনিং নিতে আসছি, ঠিক আছে! কিন্তু আমরা সিট পাইতাছি না।”
তার দাবি, “এখানে লোক বসতে পারবে ২০০, স্যারেরা ভর্তি নিছে ১০০০ এর ওপরে। আমরা এখন বাইরে দাঁড়িয়ে রইছি, কিছু নিচে আছে যারা হাঁটাউডা করতাছে, বসার সিট নাই।”
তিনি আক্ষেপ নিয়ে বলেন, সার্টিফিকেট “কিভাবে কাজে আসবে? আমরা তো কোনো এখানে কথাই শুনতে পারতাছি না, আমরা সার্টিফিকেট দিয়ে কি করব?”
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রশিক্ষণার্থী বলেন, “যতটুকু বুঝি যে আমাদের তিন দিনের ট্রেনিংটা আমাদের খুবই প্রয়োজন। কিন্তু আমি আজকে সহ দ্বিতীয় দিন আসছি। আমি প্রথম দিনেও বসতে পারি নাই, আজকেও বসতে পারি নাই। বাইরে থেকে দাঁড়িয়ে আমি ক্লাস শুনতে হচ্ছে আর কি।”
তিনি আরও বলেন, “আমার জানার খুবই আগ্রহ কিন্তু আমি পরিপূর্ণভাবে ক্লাসে যাইতে পারতেছি না, ক্লাসও শুনতে পারতেছি না। আমি এখানে আসছি তো সার্টিফিকেটের জন্যই। কিন্তু আমি সার্টিফিকেট পাবো ঠিক আছে, কিন্তু আমি পরিপূর্ণ এখানে কি শিখাচ্ছে, আমি ওইটা হচ্ছে মানে বুঝতে পারতেছি না।’
চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুধু আগস্ট মাসেই ৮০০ আসনের বিপরীতে প্রশিক্ষণে ভর্তি হয়ে সার্টিফিকেট নিয়েছেন ২ হাজার ২১০ জন। অথচ নিয়ম অনুযায়ী প্রতি ব্যাচে ১০০ জন প্রশিক্ষণার্থী থাকার কথা। প্
তিদিন ছয়জন প্রশিক্ষকের পাঠদানের কথা থাকলেও অভিযোগ রয়েছে, অনেক সময় মাত্র দুজন প্রশিক্ষককে দিয়ে বিপুলসংখ্যক প্রশিক্ষার্থীকে সামলাতে হচ্ছে।
একাধিকবার প্রবাসে যাওয়া-আসা করা লোকমান বেপারী বলেন, “আসলে ট্রেনিং করার অনেক উপকার আছে। যারা নতুন তাদের জন্য অনেকটা জাস্ট অনেক কিছু শিখায়, অনেক কিছু দিক নির্দেশনা দেয়।”
বসার জায়গা উপযুক্ত নয় উল্লেখ করে আরেক প্রশিক্ষণার্থী আশরাফুল বলেন, “ভেতরে মনে করেন যেটুক জায়গার দরকার, মানুষ যেটুক যেরকম আসে, এরকম প্লেস নাই বসার মতো। কেউ শুনতে পায় কেউ শুনতে পায় না, যেরকম আমি নতুন, আমি আইসা কিছুই বুঝি নাই।”
তবে বাড়তি প্রশিক্ষণার্থীদের জন্য চেয়ার দেওয়ার ব্যবস্থা করা হলেও অনেকে বাইরে চলে যান বলে দাবি করেছেন টিটিসির অধ্যক্ষ শিরিন আক্তার।
তিনি বলেন, “এখন এই ১০০ জায়গায় ৪০০ ভর্তি করাতে আপনার কোনো সমস্যা হচ্ছে কি না? এই যে কিছু সিট কিছু সিট যেটা দেখলেন, আরেকটা যে বিষয়টার জন্য লোকজন এই যে দেখেন যে ওই দেখা যায় যে, আমরা ক্লাসে বসাইয়া রাখলেও এরা বাইরে বাতাস খাওয়ার জন্য বাইরে যায়। ঘুরাফেরা করে আমরা চেষ্টা করি যতদূর সম্ভব আমরা এদেরকে ক্লাসেই ধরে রাখার চেষ্টা করি এবং আমার শিক্ষকরা কন্টিনিউ থাকে।”
তিনি আরও বলেন, “এক ব্যাচে ১০০ জন অনুমতি। আমি ইচ্ছা করলে ব্যাচ সংখ্যা বাড়াইতে পারি।”
সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে যাওয়ার আগে প্রি-ডিপারচার প্রশিক্ষণে কর্মীদের বিদেশের ভাষা, আইন, কর্মপরিবেশ, কোম্পানির সঙ্গে আচরণ এবং প্রবাসী ও তাদের পরিবারের জন্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক সেবা সম্পর্কে ধারণা দেওয়ার কথা। যথাযথ প্রশিক্ষণ ছাড়া বিদেশে গেলে এসব বিষয়ে অজ্ঞতার কারণে কর্মীরা নানা সমস্যায় পড়তে পারেন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তারা জানান, মালয়েশিয়ায় যাওয়ার সরকারি প্রক্রিয়াকে কেন্দ্র করে দ্রুত বিদেশ যাওয়ার জন্য মানুষের আগ্রহ বেড়েছে। এতে প্রশিক্ষণ নিতে আসা কর্মীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে।
নির্ধারিত আসনের অতিরিক্ত প্রশিক্ষণার্থী ভর্তি বন্ধ, পর্যাপ্ত প্রশিক্ষক ও আসন নিশ্চিত এবং প্রশিক্ষণের পরিবেশ উন্নত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।