গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:১১ এএম
হরিপুর উপজেরা মৎস্য কর্মকর্তার কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুমোদিত পাঁচটি পদের মধ্যে তিনটিই দীর্ঘদিন ধরে শূন্য। জনবল সংকটে একজন কর্মকর্তাকেই উপজেলার মৎস্য খাতের দাপ্তরিক ও মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম সামলাতে হচ্ছে।
এতে মৎস্যচাষীদের নিয়মিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে। পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন চাষিরা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অনুমোদিত পাঁচটি পদের মধ্যে সহকারী মৎস্য কর্মকর্তা, অফিস সহকারী ও ক্ষেত্র সহকারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য।
ফলে প্রশাসনিক কাজের পাশাপাশি মাঠপর্যায়ে মৎস্যচাষীদের সেবা দেওয়ার দায়িত্বও সীমিত জনবল দিয়ে পরিচালনা করতে হচ্ছে।
মৎস্যচাষীরা জানান, মাছ চাষে রোগবালাই, পানির গুণগত মান, খাদ্য ব্যবস্থাপনা, পোনা নির্বাচন ও পুকুর প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে কারিগরি পরামর্শ প্রয়োজন হয়।
সরকারি কর্মসূচি, প্রশিক্ষণ ও মৎস্যসম্পদ উন্নয়নসংক্রান্ত সেবার জন্যও তাদের উপজেলা মৎস্য অফিসের ওপর নির্ভর করতে হয়। তবে জনবল সংকটে সব এলাকায় নিয়মিত মাঠসেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে।
মৎস্য খাতসংশ্লিষ্টরা বলছেন, হরিপুরে মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এলাকার পুকুর ও জলাশয়ে মাছ চাষ করে অনেক পরিবার জীবিকা নির্বাহ করে। এ খাতের উন্নয়নে মৎস্য অফিসে পর্যাপ্ত জনবল নিশ্চিত করা জরুরি।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, হরিপুর উপজেলা মৎস্য অফিসে অনুমোদিত পাঁচটি পদের মধ্যে তিনটি পদই শূন্য রয়েছে। জনবল সংকটে অফিসের কার্যক্রম পরিচালনায় নানামুখী সমস্যা হচ্ছে। মৎস্যচাষীদের মাঠপর্যায়ের সেবা দেওয়ার ক্ষেত্রেও এর প্রভাব পড়ছে।
তিনি আরও বলেন, শূন্য পদগুলোর তালিকা সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার পাঠানো হয়েছে। জনবল নিয়োগ করা হলে অফিসের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মৎস্যচাষীরা মাঠপর্যায়ে আরও ভালো সেবা পাবেন।
স্থানীয় মৎস্যচাষীদের দাবি, দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হোক। এতে প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সেবা পাওয়ার সুযোগ বাড়বে এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্য খাতের বিকাশও ত্বরান্বিত হবে।