মামলা ও বরখাস্তের ৯ বছর
জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৯ এএম
জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং ইনসেটে মো. শাহীনুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্ত করার অভিযোগে এমপিও বাতিল, সাময়িক বরখাস্ত ও মামলা হওয়ার প্রায় নয় বছর পর দলবল নিয়ে অধ্যক্ষের চেয়ারে বসেছেন জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (বিএমআই) সাবেক অধ্যক্ষ মো. শাহীনুর রহমান।
অভিযোগ রয়েছে, বিপুলসংখ্যক লোকজন নিয়ে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে প্রতিষ্ঠানে ঢুকে তিনি অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার দাবি করেন।
এ সময় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী প্রতিষ্ঠান ছেড়ে চলে যান। পরে তিনি শাহীনুর রহমানের বিরুদ্ধে জোরপূর্বক অধ্যক্ষের পদ দখলের অভিযোগ তোলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, অধ্যক্ষের কার্যালয়ে বসে আছেন শাহীনুর রহমান। তার পাশে কয়েকজন শিক্ষক এবং প্রতিষ্ঠানে বেশ কিছু ‘বহিরাগত লোকজন’ ছিলেন।
এ সময় তিনি পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির কাছে লেখা অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণের একটি আবেদনপত্র দেখান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একজন শিক্ষককে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করার অভিযোগ ওঠে শাহীনুর রহমানের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ার পর ২০০৭ সালের জুলাইয়ে শিক্ষা মন্ত্রণালয় শাহীনুর রহমান ও প্রভাষক নাসিমা সুলতানার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং এমপিও বাতিলের নির্দেশ দেয়।
একই সঙ্গে নাসিমা সুলতানার উত্তোলন করা ১ লাখ ১৬ হাজার ৯১০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরপর তৎকালীন জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ বাদী হয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন। সে সময় পরিচালনা কমিটি তাদের সাময়িক বরখাস্ত করে এবং মন্ত্রণালয়ের নির্দেশে এমপিও বাতিল কার্যকর হয়।
পরবর্তীতে ২০১৪ সালে সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর শাহীনুর রহমানকে আবার অধ্যক্ষ পদে বহাল করা হয়। তবে এমপিও ফিরে পাওয়ার আগেই ২০১৭ সালে প্রতিষ্ঠানের প্রভাষক শফিকুল ইসলাম ঢাকার শেরেবাংলা নগর থানায় তার বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় গ্রেপ্তার হয়ে দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান শাহীনুর। এরপর আর প্রতিষ্ঠানে ফেরেননি। পরে পরিচালনা কমিটি তাকে আবারও সাময়িক বরখাস্ত করে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরীর দাবি, দীর্ঘ নয় বছর পর মঙ্গলবার সকালে হঠাৎ বিপুল লোকজন নিয়ে তিনি অধ্যক্ষের চেয়ারে বসেন। এ বিষয়ে পরিচালনা কমিটি কিছুই জানত না। অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় তিনি কলেজ ছেড়ে যান।
তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতের নির্দেশনা নিয়ে শাহীনুর রহমান যোগদানের জন্য এলে তাকে গ্রহণ করা হবে। কিন্তু কোনো নির্দেশনা না এনে দলবল নিয়ে অধ্যক্ষের পদ দখলের ঘটনাটি একধরনের ‘মব’। বিষয়টি পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনওকে জানানো হয়েছে।”
অন্যদিকে শাহীনুর রহমান দাবি করেন, তিনি প্রতিষ্ঠার শুরু থেকেই অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। ২০১৭ সালের মামলায় ২০২৫ সালে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
এরপর স্বপদে পুনর্বহালের জন্য পরিচালনা কমিটির কাছে লিখিত আবেদন করেও ব্যবস্থা না নেওয়ায় বিধি অনুযায়ী ১৮০ দিন অপেক্ষার পর তিনি মঙ্গলবার দায়িত্ব নিয়েছেন বলে জানান।
আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে শাহীনুর রহমান বলেন, “আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই। একটি চিঠিতে আমাকে ৮ নম্বর সহ-সভাপতি দেখানো হয়েছে, যা মিথ্যা।”
এ বিষয়ে জানতে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। পরে সরকারি মুঠোফোন নম্বর ও হোয়াটসঅ্যাপে কল করা হলেও তিনি সাড়া দেননি।