ময়মনসিংহ মেডিকেলে আগুন
শফিক সরকার, ময়মনসিংহ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৬ পিএম
ময়মনসিংহ মেডিকেলে আগুন। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টমতলায় অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক কাটেনি। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্বজনদের দাবি, আগুনের পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পদদলিত হয়ে মৃত্যুর দাবি অস্বীকার করেছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোগীদের স্বজনদের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় বাইরে বের হওয়ার একটি পথ ছাড়া অন্য সব পথে তালা বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের অষ্টমতলায় একটি লিফটে আগুন লাগে। আগুনের খবর ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। এ সময় পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বৃহত্তর ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন জেলার রোগীদের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। নতুন ও পুরনো ভবন মিলিয়ে হাসপাতালটিতে প্রায় এক হাজার শয্যা রয়েছে। তবে সেখানে প্রায় চারগুণ বেশি রোগী ভর্তি থাকেন। নতুন ভবনের অষ্টমতলায় হাম আইসোলেশন, শিশু ওয়ার্ড, হৃদরোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে। রোগী ও স্বজনদের চলাচলের জন্য নতুন ভবনে তিনটি লিফট রয়েছে। এসব লিফটে সারাক্ষণ অতিরিক্ত চাপ থাকে। এর মধ্যে প্রায়ই কোনো না কোনো লিফট নষ্ট থাকায় রোগী ও স্বজনদের সিঁড়ি ব্যবহার করতে হয়।
গত সোমবার সন্ধ্যায় তিনটি লিফটের একটিতে অষ্টমতলায় আগুন লাগে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়। পরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দুজনের মৃত্যুর কথা স্বীকার করলেও পদদলিত হয়ে মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে।
হাসপাতালের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, এটি নিছক একটি দুর্ঘটনা। ঘটনায় মেডিসিন বিভাগের প্রধানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে কমিটির প্রধান করা হয়েছে। তিনি নিজেই সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের দুজন এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি কমিটিতে রয়েছেন।
তিনি বলেন, লিফটে আগুন লাগার ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে। কারও গাফিলতি থাকলে তা চিহ্নিত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তদন্তে অন্য কোনো বিষয় উঠে এলে সেগুলোও বিবেচনায় নেওয়া হবে।
মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা : অগ্নিকাণ্ডের পর হাসপাতালের একটি রেজিস্টারের পাতার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশের কাছ থেকে পাওয়া হতাহত ব্যক্তিদের তথ্যের সঙ্গে ওই রেজিস্টারের তথ্যের মিল রয়েছে। রেজিস্টারে পাঁচজনের তথ্য রয়েছে। তাদের মধ্যে ফুলবাড়িয়া উপজেলার জাহানারা বেগম (৫০) ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বাকি চারজনের নামের পাশে ‘ব্রট ডেড’ (মৃত অবস্থায় হাসপাতালে আনা) লেখা রয়েছে।
রেজিস্টার অনুযায়ী, তারাকান্দা উপজেলার বালিখা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী কুলসুম আক্তার (৩৫) সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের শাহাজাহান মনির (৪৫) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মারা যান। স্বজনদের দাবি, তারা পদদলিত হয়ে মারা গেছেন।
অন্যদিকে পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ভূগী জাওয়ানী গ্রামের আইয়ুব আলীর স্ত্রী হাজেরা বেগম (৫০) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের রমজান আলী (৩৮) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা যান বলে নথিতে উল্লেখ রয়েছে।
এই চারজনের মৃত্যুর বিষয়ে মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, পদদলিত হয়ে মারা গেলে শরীরে যে ধরনের চিহ্ন বা উপসর্গ থাকার কথা, সংশ্লিষ্ট চিকিৎসকরা ওই চারজনের শরীরে তেমন কোনো চিহ্ন পাননি। তারা কীভাবে মারা গেছেন, সেটিও তদন্তের আওতায় থাকবে।
হাসপাতালের রেজিস্টারে চারজনকে ‘ব্রট ডেড’ এবং ঘটনার ধরন হিসেবে ‘ফায়ার অ্যাকসিডেন্ট’ লেখার বিষয়ে মাইনউদ্দিন খান বলেন, ঘটনার পর কতজন হাসপাতালে এসেছেন, তার হিসাব রাখার জন্য সংশ্লিষ্ট নার্স রেজিস্টারে ‘ফায়ার অ্যাকসিডেন্ট’ লিখে ওই চারজনের নাম অন্তর্ভুক্ত করেছেন। এর অর্থ এই নয় যে তারা আগুনে মারা গেছেন।