বাসস
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৮ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
তদন্ত কমিটিতে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইন উদ্দিন খানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাজেদুর রহমান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসদ্দী।
এর আগে সোমবার সন্ধ্যার পর মমেক হাসপাতালের নতুন ভবনের একটি নির্মাণাধীন লিফটে আগুন লাগে। আগুন লাগার খবরে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু সংবাদমাধ্যমে এক শিশুসহ ছয়জনের মৃত্যুর তথ্য ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার রাতেই জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের ঘটনার সময় হাসপাতালে মোট চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তারা পদদলিত হয়ে মারা গেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর মধ্যে দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছে।
বাকি দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর।