বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৪ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১০ পিএম
দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের বাবুগঞ্জে বাসের ধাক্কায় রাকুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী নারীমৌলভী (ক্বারী) রেহানা বেগম (৪৫) নিহত হয়েছেন। তিনি একই মাদ্রাসার সুপার মওলানা নাসিরউদ্দিনের স্ত্রী।
ঢাকা-বরিশাল মহাসড়কের দ্বারিকা-শিকারপুর ব্রিজের ঢালের পশ্চিম রাকুদিয়া এলাকায় মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রেহানা বেগম শিকারপুর ব্রিজের ঢাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির 'আহনাফ' নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে যান। দুর্ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে রাকুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে আহত রেহানা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
রেহানা বেগমের মৃত্যুর খবর মাদ্রাসায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে তারা নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণের দাবিতে সড়ক অবরোধ করে।
অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ লাবিবা কোম্পানির কয়েকটি বাস আটক করলে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।