চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৬ পিএম
নিহত জাহিদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহিদ’। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচিত জাহিদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় বিএনপি নেতা জসিম উদ্দিন ওরফে ‘মিষ্টি জসিম’সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকায় সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
পুলিশ সূত্র জানায়, গত ৩০ আগস্ট রাতে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুল ইসলামকে (৩৫) হত্যা করে। এ সময় তার বন্ধু ওয়াহিদও আহত হন।
এ ঘটনার চার দিন পর নিহত জাহিদুল ইসলামের মা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করেন।মামলায় ‘মিষ্টি জসিম’কে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার জসিম উদ্দিন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১১ জনকে জিজ্ঞাসাবাদসহ মামলার তদন্ত কার্যক্রম চলছে। এ বিষয়ে মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।