ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫১ এএম
পালিয়ে যাওয়া ৯ ঘণ্টা পর আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেনু মিয়াকে ৯ ঘণ্টা পর গ্রেপ্তার করা হয়েছে।
ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে সোমবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয়দের ভিড়ের মধ্যে পরিবারের সদস্যদের সহযোগিতায় হাতকড়া পরা অবস্থায় কৌশলে পালিয়ে যান তিনি। পরে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ঘটনার পর তিনি নিজে অভিযান পরিচালনা করে রেনু মিয়াকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন।
তিনি বলেন, “হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।”
ওসি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় রেনু মিয়ার সম্পৃক্ততার সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।