পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৭ এএম
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে শনিবার সকাল ৯টায় দেশের সব জেলার সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়।
বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিটের মাথায় মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এলেও পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় শুধু মিলনায়তনে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এর পরদিন রবিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে মো. আলতাপ হোসেনকে বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়। সোমবার তাকে ওই কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
একই আদেশে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জিএম মো. কামরুজ্জামান।
তিনি বলেন, “ইউএনওর অফিসে নাকি বিদ্যুৎ ছিল না। ওখানকার সিএ অভিযোগ দেন যে তাদের অফিসের বিদ্যুৎ নেই। আমাদের লাইনম্যান যারা ছিল তারা গিয়ে দেখেছে যে অফিসের বিদ্যুৎ নেই, আমাদের কর্মচারিদের ধারণা ছিল যে ইউএনও অফিসেই মনে হয় মিটিং হচ্ছে এজন্য লাইন বন্ধ করেছিল।”
তিনি আরও বলেন, “যখন লাইন বন্ধ করেছে তখন তো মিটিং স্থানে বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে, তখনই ওখানকার বিদ্যুৎ অফিসের ইনচার্জকে কল দিয়ে বিষয়টি জানায় এবং এই কথোপকথনের মধ্যে দুই মিনিট বিদ্যুৎ বন্ধ ছিল নয়টা ৪২ থেকে নয়টা ৪৪ মিনিট পর্যন্ত। ধারণা করা হচ্ছে এ জন্যই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলামের দাবি, “আমি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি অবগত করেছিলাম। তারপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়।”
“তবে উপজেলা পরিষদের অন্য জায়গাতে বিদ্যুৎ ছিল। কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে এটা হয়েছে বলে মনে হচ্ছে। পরবর্তীতে আজকে আমি শুনেছি জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে বরিশালে সংযুক্ত করা হয়েছে”, বলেন তিনি।