× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুন থেকে বাঁচতে গিয়ে ‘৬ মৃত্যু’

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫২ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের নতুন ভবনে সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নিয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

নিহতদের মধ্যে রয়েছেনÑ নেত্রকোণার পূর্বধলা উপজেলার বসী গ্রামের হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শাহজাহান (৪০), একই উপজেলার আহমদ আলীর ছেলে রমজান (৩৮), হোসেন আলীর ছেলে জাহানারা (৫০) এবং তারাকান্দা উপজেলার বালিখা গ্রামের কুলসুমা (৩৫)। নিহত অপর একজন অজ্ঞাতপরিচয় শিশু।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে ভবনের আটতলায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। প্রাণভয়ে সবাই একসঙ্গে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে অনেকেই পা পিছলে পড়ে যান এবং নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুসহ ৬ জন মারা যায়। আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে বাড়তি ইউনিটগুলো ফিরিয়ে নেওয়া হয়। তবে সার্বিক পরিস্থিতি তদারকির জন্য ঘটনাস্থলে চারটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশন, সদর ফায়ার স্টেশনসহ মোট ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এলেও ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, নতুন ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা মেশিনের সঙ্গে সংযুক্ত বোর্ডে অতিরিক্ত উত্তাপ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ নিশ্চিত হওয়া যাবে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আরও বলেন, আগুনের তীব্রতা খুব বেশি না হলেও কন্ট্রোল রুম থেকে প্রচুর ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়েছিল, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক ভীতির সঞ্চার করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চিকিৎসাসেবা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। তবে নতুন ভবনে কার্যক্রম শুরু হতে সময় লাগছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।

বারবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের গোয়েন্দা শাখার এক সদস্য বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ছয়টি মরদেহ মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নগরের বাঁশবাড়ি কলোনির মো. দুলাল স্ত্রী জোসনাকে নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় তার দুই মেয়ে ও তিন নাতি আহত হয়েছে। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে বাবার চিকিৎসা করাতে হাসপাতালে এসেছিলেন সাথী আক্তার। তিনি ২-৩টি লাশ দেখেছেন বলে দাবি করেছেন।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার বলেন, ‘হাসপাতালে পদদলিত হয়ে কেউ মারা গেছেনÑ এমন কোনো তথ্যের প্রমাণ এখন পর্যন্ত পাইনি। এ ধরনের কোনো প্রমাণ থাকলে আমাকে দেখান, আমি যাচাই করে দেখব। আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তবে সেই তথ্যও সঠিক কি না, তা যাচাই করা হচ্ছে।’

একটি টেলিভিশনে ৬ জন মারা যাওয়ার তথ্য প্রচার হওয়ার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, কোনো তথ্য নিশ্চিত না হয়ে বলা উচিত নয়। আগে তথ্য নিশ্চিত হতে হবে। নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রকাশ বা প্রচার করা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। তিনি আরও বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগের যে তালিকা আমাকে দেখানো হয়েছে, সেখানে ৬ জনের মৃত্যুর তথ্য নেই। আমার কাছে আরও একটি তালিকা আছে, সেটিও যাচাই করে দেখব। মর্গের তথ্যও নেওয়া হয়েছে। তবে মর্গের তথ্যের সঙ্গে পাওয়া অন্য তথ্যের মিল নেই। সব তথ্য মিলিয়ে দেখার পরই প্রকৃত সংখ্যা ও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

রাত ১১টার দিকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমরা বিভিন্ন তালিকা যাচাই করছি এবং যাদের মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে, তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছি। তবে এখনও আমাদের হাতে কোনো কনক্রিট এভিডেন্স (সুনির্দিষ্ট প্রমাণ) আসেনি।’ ছয়জনের মৃত্যুর তথ্য কীভাবে এসেছেÑ জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা যেভাবে শুনেছেন, আমরাও সেভাবেই শুনেছি। এখন সেই তথ্যই যাচাই করার জন্য সবাই সরেজমিন এসে তদন্ত করছি। তথ্য নিশ্চিত হলে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, আগুন ও ধোঁয়া দেখে রোগীরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, র‍্যাবের অধিনায়ক, জেলা পুলিশের এসপি, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল ভিজিট করেছেন।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয়তলার শিশু ওয়ার্ডের একটি গুদামঘরে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিস গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা