বোরহানউদ্দিন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৯ পিএম
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলার বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়েছে। একইসাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণ, ‘নতুন কুঁড়ি’ এবং ‘প্রধানমন্ত্রী ফুটবল প্রতিযোগিতা’ আয়োজনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মণের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম।
তিনি সভায় সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান সহ বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় উপজেলার সর্বত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ দেন।
এছাড়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল দিবসটি যথাযথ মর্যাদায় পালনের বিষয়ে আলোচনা হয়।
পাশাপাশি শিশু-কিশোরদের সাংস্কৃতিক মেধা বিকাশে ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি’ এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ‘প্রাইম মিনিস্টার ফুটবল প্রতিযোগিতা’ সফলভাবে বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হয়।
সভায় উপজেলাধীন সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন ও শিক্ষকদের এই সমন্বিত উদ্যোগ স্থানীয় জনস্বাস্থ্য সুরক্ষা, সুস্থ সংস্কৃতি চর্চা এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের।