পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৩ পিএম
নাজিরপুর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের নাজিরপুরে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার তিন প্রতিবেশীর বিরুদ্ধে। ওই নারী বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেনÑ একই গ্রামের মৃত গনি মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৬০), মো. ইব্রাহিমের ছেলে রাকিব (২৮) এবং আউয়াল হোসেনের ছেলে মো. আল-আমিন (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ওই নারীর শারীরিক পরিবর্তন পরিবারের সদস্যদের নজরে আসে। সন্দেহ হলে স্থানীয়ভাবে তার প্রাথমিক পরীক্ষা করা হয়। পরে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার লিমা আক্তার ও গাইনি কনসালট্যান্ট প্রীতিশ বিশ্বাস জানান, তলপেটে ব্যথা নিয়ে হাসপাতালে এলে প্রাথমিক চিকিৎসায় ওই নারী অন্তঃসত্ত্বা বলে ধারণা করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় প্রায় পাঁচ মাসের গর্ভধারণ নিশ্চিত হওয়া গেছে।
ভুক্তভোগীর অভিযোগ, শাহাদাত হোসেনের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে হাঁস-মুরগি পরিচর্যার কথা বলে তাকে ডেকে নিয়ে প্রথমে ধর্ষণ করেন শাহাদাত। অন্য একদিন রাকিব তাকে একটি মুরগির ফার্মে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ছাড়া আল-আমিনও একইভাবে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তিনি।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবার ও ওই নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।