× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোভনীয় অফারে কোটি টাকা আত্মসাৎ

চার বছর পর গ্রেপ্তার আসমা-আলম দম্পতি

রাজশাহী অফিস

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৬ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৭ পিএম

চার বছর পর গ্রেপ্তার আসমা-আলম দম্পতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চার বছর পর গ্রেপ্তার আসমা-আলম দম্পতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘একটি কিনলে একটি ফ্রি’ অফার দিয়ে গ্রাহকদের থেকে প্রায় কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘আঁখি সুপার শপ’ এর পরিচালক আসমা শারমিন ওরফে আঁখি (৩২) ও তার স্বামী জাহাঙ্গীর আলমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

পলাতক থাকার প্রায় সাড়ে চার বছর পর গত রবিবার রাতে রাজশাহী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে আঁখিকে রাজশাহীর আদালতের মাধ্যমে কারাগারে এবং জাহাঙ্গীরকে পাবনার বেড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন।

আসমা শারমিন রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের আশরাফ হোসেনের মেয়ে। তার স্বামী জাহাঙ্গীর আলম পাবনার বেড়া উপজেলার পুনডুরিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। আসমার বিরুদ্ধে ১৫টি ও তার স্বামীর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।

একাধিক মামলার এজাহারে দেয়া তথ্যানুযায়ী, সিলেট শহরতলির বটেশ্বর গইলাপাড়া এলাকায় আঁখি সুপার শপের কার্যালয় ছিল। প্রতিষ্ঠানটি ফেসবুক পেজে মোটরসাইকেল, ইলেকট্রনিক পণ্য ও বিভিন্ন গ্রোসারি পণ্যের ৩০ ও ৯০ দিনের প্যাকেজের প্রচারণা চালাত। ২০২১ সালের ১৩ নভেম্বর ‘একটি পণ্য কিনলে একই পণ্য আরেকটি ফ্রি তথা শতভাগ ক্যাশব্যাক’ শিরোনামে একটি অফার দেওয়া হয়। এতে আকৃষ্ট হয়ে গ্রাহকরা বিভিন্ন পণ্য কেনার জন্য নগদ টাকা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবেও টাকা জমা দেন। তবে ২৭ ডিসেম্বর ২০২১ থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় তালাবদ্ধ করে থাকার তথ্য জানান একাধিক গ্রাহক। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রতারিত গ্রাহকরা তাদের টাকা ফেরত ও আসমা-জাহাঙ্গীরের গ্রেপ্তারের দাবিতে সিলেটে বিভিন্ন কর্মসূচি পালন করেন। 

পুলিশ ও গ্রাহকদের অভিযোগ, প্রায় ৪০০ থেকে ৫০০ গ্রাহকের কাছ থেকে ১৫ থেকে ২০ কোটি টাকা আত্মসাৎ করেছিল অভিযুক্তরা। তবে টাকার পরিমাণের বিষয়ে পুলিশ ও গ্রাহকদের দেওয়া তথ্যের মধ্যে নির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন বলেন, ২০২২ সালে সিলেটে মামলা হওয়ার পর থেকে ওই নারী ও তার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তারা অন্যের নামে নিবন্ধিত মুঠোফোনের সিম ব্যবহার করে গাজীপুরে অবস্থান করতেন এবং সেখানে অনলাইনে তেল বিক্রি শুরু করেন। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আসমা ও জাহাঙ্গীরের অবস্থান শনাক্ত করতে গিয়ে সম্প্রতি পিরোজপুরের হাফিজুর রহমানের নামে নিবন্ধিত একটি মুঠোফোন নম্বরের সন্ধান পাওয়া যায়। এ সূত্র ধরে অনুসন্ধান করে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা