সংবাদ প্রকাশের সুফল
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৮ পিএম
সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন চামড়া পোড়ানোর কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন চামড়া পোড়ানোর কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।
এর আগে গত ১১ সেপ্টেম্বর প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ও ১৩ সেপ্টেম্বর অনলাইনে ‘চামড়া পোড়ানোর কারখানার ধোঁয়া-দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে কারখানাটিতে অভিযান চালানো হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির কারখানাটি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকায় সেটি বন্ধ করে সিলগালা করে দেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর ধরে জনবসতিপূর্ণ এলাকায় ওই কারখানায় গরুর কাঁচা চামড়া, হাড় ও মাংসসহ বিভিন্ন কাঁচামাল পোড়ানো হচ্ছিল। কারখানাটির চুল্লিতে এসব কাঁচামাল পোড়ানোর ফলে তীব্র দুর্গন্ধ ও ধোঁয়া সৃষ্টি হয়ে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। বিশেষ করে শিশু ও বয়স্করা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে অভিযোগ করেন তারা।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির বলেন, অনুমোদনহীন কারখানায় চামড়াসহ ডেজার পাইপের স্ক্রাপ পুড়িয়ে পরিবেশের ক্ষতি সাধন করছে। কারখানাটির কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটি সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।